নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গত মঙ্গলবার সকালে জেলা সভাপতির নেতৃত্বে শহরে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি থেকে অছাত্র নেশাখোর ও বিবাহিতদের বাদ দেওয়া না হলে গণপদত্যাগের হুমকি দেওয়া হয়।সদ্য ঘোষিত কমিটির সভাপতি আমান উদ্দিন কায়সারের উপস্থিতিতে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা কমিটির সভাপতি নূর হোসেন সেলিম। এতে বলা হয়, গত ২০ মার্চ কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে আমান উদ্দিন কায়সার ও সাধারণ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন সর্বাধিক ভোট পান। কিন্তু কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা না করে ঢাকায় চলে যান। দুই মাস পর গত সোমবার আমান উদ্দিন কায়সারকে সভাপতি, মেজবাহ উদ্দিনকে সহসভাপতি, নঈম উল্লাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক, এ এস এম কায়সারকে সাংগঠনিক সম্পাদক, সালাহ উদ্দিন মামুনকে প্রচার সম্পাদক এবং সৈয়দ আলম ভূঞা ও হুমায়ুন কবির বাদলকে যুগ্ম সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের বিভিন্ন সড়কে প্রতিবাদ মিছিল করেন।