নবগঠিত কমিটিতে নতুন মুখই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির ৩৪ জন কার্যকরী সদস্যের মধ্যে ২০ জনের বেশি নতুন। আবার কমিটিতে নতুন স্থান পাওয়া ব্যক্তিদের সঙ্গে দলীয় নেতাদের আত্মীয়তা বা সখ্য রয়েছে বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোনো কাটছাঁট ছাড়াই কেন্দ্রীয় কমিটির সভায় অনুমোদন হয়েছে। গত ২১ মে ৭১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ দলের সভানেত্রী শেখ হাসিনা অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে প্রায় চার বছর দায়িত্ব পালন করা সৈয়দ এ কে এম এমদাদুল বারী নতুন কমিটিতে কার্যকরী সদস্য (১ নম্বর) হয়েছেন। তবে কমিটিতে আগে কখনো ঠাঁই না পাওয়া তাঁর ছেলে সৈয়দ এহতেশামুল বারী তানজিল যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক উপমন্ত্রী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের ঠাঁই হয়নি কমিটিতে। তবে পদ পেয়েছেন তাঁর স্ত্রী নায়ার কবির (সহসভাপতি) ও ভাই ফারুক আহমেদ (সদস্য)।
সদস্যপদ পেয়েছেন নাঈম সৈয়দ নামের এক লন্ডনপ্রবাসী। নতুন পদ পাওয়া এ সদস্যের দলের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে সখ্য রয়েছে বলে গুঞ্জন রয়েছে। কমিটিতে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক স্থান পেয়েছেন। আবার ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্তত ১১ জনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে আলোচনা চলছে।
দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার জায়গা হয়েছে এ কমিটিতে। জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলমকে সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে সদস্য করা হয়েছে। এ ছাড়া শিল্পপতি, ব্যবসায়ী, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাও প্রথমবারের মতো কমিটিতে স্থান পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজাকে তথ্য ও গবেষণা সম্পাদক, সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মনির হোসেনকে উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি আবু তাহের।
আত্মীয়তার সম্পর্ক রয়েছে সহসভাপতি (১ নম্বর) মো. হেলাল উদ্দিন, সদস্য মুসলিম মিয়া ও জাহাঙ্গীর আলমের মধ্যে। তাঁরা পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে। সভাপতি মোকতাদির চৌধুরীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে কমিটিতে থাকা তাজুল ইসলাম খান (আইনবিষয়ক সম্পাদক) ও চৌধুরী আফজাল হোসেনের (কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক)।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের কোনো কার্যালয় ছিল না। ২০১১ সালের ২৭ জানুয়ারির উপনির্বাচনে মোকতাদির চৌধুরী সাংসদ হিসেবে বিজয়ী হওয়ার পর শহরের হালদারপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাড়া নেন। এটিই বর্তমানে সংসদ সদস্যের ও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমান জেলা আওয়ামী লীগের কমিটি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। এখানে সম্পর্ক বা অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়নি। প্রত্যেকের যোগ্যতাকে প্রাধান্য দিয়ে দলের নীতিনির্ধারকসহ নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি করা হয়েছে।