নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ্ কামাল যোগদান করেছেন। দুপুরে কাজে যোগ দিয়ে তিনি ছয় মাসের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ পৌরসভা কার্যালয়ে দুপুরে যান সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) খুরশীদ আলম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মমিনুর রশিদসহ স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসককে স্বাগত জানান বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।পরে নবনিযুক্ত প্রশাসক বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র, বিদায়ী প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।প্রশাসক মোহাম্মদ শাহ্ কামাল সাংবাদিকদের বলেন, ‘আমার প্রধান কাজ হবে ১৮০ দিনের মধ্যে নবগঠিত সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিবেশ তৈরি করা। নির্বাচনের তারিখ নির্ধারণসহ অন্যান্য কাজ করবে নির্বাচন কমিশন।’ প্রশাসক জানান, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হলেও প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা এবং সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে গত ৫ মে বিলুপ্ত ঘোষণা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।