নবগঠিত মন্ত্রিসভা 'সর্বদলীয় সরকার' নয়: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, নবগঠিত মন্ত্রিসভা ‘সর্বদলীয় সরকার’ নয়। এরশাদকে সন্তুষ্ট করার জন্য মন্ত্রিসভায় তাঁর দলের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে মাত্র।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান বিরোধী দলের সদস্যরা ‘সর্বদলীয় সরকারে’ সম্পৃক্ত হতে রাজি না হন, ততক্ষণ পর্যন্ত এ সরকার পুনর্গঠিত মহাজোট সরকার মাত্র।
সাবেক রাষ্ট্রপতি বলেন, আগের মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি। নতুন যে মন্ত্রিসভা গঠন করা হলো, তাকে প্রধানমন্ত্রী যে ‘সর্বদলীয় সরকার’ বলছেন, তা বিস্ময়কর এবং অসত্য বক্তব্য। কেননা নবগঠিত মন্ত্রিসভায় মহাজোটের বাইরে কেউ নেই।
বি. চৌধুরী বলেন, জনগণের দাবি নির্দলীয় সরকার। তাই নির্বাচনকে ঘিরে সহিংসতা প্রতিরোধের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান যত দ্রুত হবে, ততই দেশের জন্য মঙ্গল।