নবগঠিত সাত ইউনিয়নে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
বরগুনার আমতলী উপজেলার তিনটি ইউনিয়ন পুনর্বিন্যাস করে সাতটি ইউনিয়নে রূপান্তরিত করার কাজ কয়েক মাস আগে সম্পন্ন হয়েছে। কিন্তু নবগঠিত এসব ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।অনেকে চাইছেন, নবগঠিত সাতটি ইউনিয়নে দ্রুত নির্বাচন হোক। কিন্তু এলাকাবাসী মনে করছেন, পুরোনো তিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদস্যরা আরও কিছুদিন ক্ষমতা আঁকড়ে রাখতে চাইছেন। জানা গেছে, উপজেলার তালতলী পুলিশ থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেওয়া গত বছরের ৬ এপ্রিলের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন আমতলী উপজেলার বড়বগী, পঁচাকোড়ালিয়া ও কড়ইবাড়িয়া এই তিনটি ইউনিয়নকে পুনর্বিন্যাস করে বড়বগী, নিশানবাড়িয়াম সোনাকাটা, পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া ও শারিকখালী নামে সাতটি ইউনিয়নে পুনর্গঠন করে। গত বছরের ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নবগঠিত ইউনিয়নগুলোর নাম ঘোষণা দেওয়া হয়।জানা গেছে, ইউনিয়ন বিভক্তি ও পুনর্গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি—এমন অভিযোগ তুলে কড়ইবাড়িয়া ইউনিয়নের কলারং গ্রামের মো. বারুদ সিকদার গত ১৪ জুন হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভাগাভাগির ওপর রুল জারি করেন হাইকোর্ট। রিট আবেদনকারী বারুদ সিকদার দাবি করেন, সরকারি নীতিমালায় বর্ণিত আয়তন ও জনসংখ্যার শর্ত পূরণ না করেই ইউনিয়নগুলো পুনর্বিন্যাস করা হয়েছে।নবগঠিত শারিকখালী ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক ইসহাক বাচ্চু বলেন, ‘নির্বাচনে অংশ নিতে প্রায় এক বছর ধরে গণসংযোগ চালাচ্ছি। আমতলীর উত্তর অংশের সাতটি ইউনিয়নের নির্বাচন গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়ে গেলেও নবগঠিত সাতটি ইউনিয়নের নির্বাচন কী কারণে এখনো স্থগিত হয়ে আছে, তা বুঝতে পারছি না।’পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা জানান, পুরোনো চেয়ারম্যান ও সদস্যরা ক্ষমতায় থাকার জন্য লোকজন দিয়ে নানা আইনি জটিলতা সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. মান্নান অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত তালতলী উপজেলা বাস্তবায়নে বাধা সৃষ্টির জন্য এবং পুরোনো জনপ্রতিনিধিরা ক্ষমতা আঁকড়ে রাখতে এককাট্টা হয়ে নবগঠিত সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানে অহেতুক ঝামেলার সৃষ্টি করছেন। এটা তালতলীবাসীকে উন্নয়নবঞ্চিত করার লক্ষ্যে একটি গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই না।’বড়বগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দুলাল ফরাজী অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই নবগঠিত এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ দীর্ঘদিন নির্বাচন না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড মন্থর হয়ে পড়ে।’আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ বলেন, ‘কবে নির্বাচন হবে সে সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো পাইনি। তবে ইউনিয়ন পুনর্গঠনে কোনো সমস্যা আছে কি না, সে বিষয়ে কিছু জানি না।’ জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, রিটের বিষয়ে যেহেতু আদালত কোনো রায় বা সিদ্ধান্ত দেননি, তাই আইনগতভাবে নির্বাচনে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, ‘এই সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়ে গত ১২ জুন একটি চিঠি পাঠিয়েছি। এখনো কোনো নির্দেশনা পাইনি। পেলেই আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব।’