নবঘোষিত 'পকেট' কমিটি প্রত্যাখ্যান পদবঞ্চিতদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে নবঘোষিত জেলা বিএনপির কমিটিকে দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরীর পকেট কমিটি আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে দলের একটি অংশ। গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রের কাছে সংগঠনের নিবেদিত নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয়।

সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার বলেন, ২০১১ সালে ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে এক সভায় সব উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে জেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ভোট নেওয়া হয়। কিন্তু ভোটের ফলাফল উপেক্ষা করে আলতাফ হোসেন চৌধুরীর ইচ্ছায় ২০১২ সালের ৫ জানুয়ারি তাঁকে (আলতাফ হোসেন চৌধুরী) সভাপতি ও এম এ রব মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এ অবস্থায় জেলা বিএনপিতে হাতাশা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু সবকিছু উপেক্ষা করে সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে দলছুট কিছু ব্যক্তিকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রশীদ চুন্নু মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে ভোটাভুটিতে তিনি সবচেয়ে বেশি ভোট পেলেও আলতাফ চৌধুরীকে সভাপতি ও এম এ রব মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকেসহ সংগঠনের ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়নি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজী মাহাবুব, ইউনুচ আলী মোল্লা, আমেনা বেগম, বশির আহমেদ মৃধা, মেহেদী হাসান, গাজী আশফাকুর রহমান, মশিউর রহমান প্রমুখ।

এ ব্যাপারে এম এ রব মিয়া বলেন, স্নেহাংশু সরকার বিএনপির নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন কিংবা সংগঠন সম্পর্কে কোনো ধরনের বক্তব্য দিতে পারেন না। কারণ, তিনি বিএনপি থেকে বহিষ্কৃত। এম এ রব মিয়া জানান, দায়িত্ব পাওয়ার পর ১৬৯ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল। সংগঠনের মহাসচিব দেড় বছর ধরে ওই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে ১২ মে অনুমোদন দিয়েছেন। যাঁরা সংগঠনের ক্ষতি করছেন, তাঁরা কমিটি থেকে বাদ পড়বেন—এটাই স্বাভাবিক। সংগঠনের ত্যাগী নেতা-কর্মীরাই এই কমিটিতে স্থান পেয়েছেন বলে দাবি করেন তিনি।

দলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আসাদুর রহমান জানান, একটি বড় রাজনৈতিক দলের পদবঞ্চিত ব্যক্তিদের ক্ষোভ থাকতে পারে। তবে দলে যেকোনো সময়, যে কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।