নবজাতক কোলে শিশুটির দাবি
ধর্ষণের শিকার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারলক্ষ্মীপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অন্তঃসত্ত্বা সেই ছাত্রী একটি কন্যাসন্তান প্রসব করেছে। গত শনিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান ভূমিষ্ঠ হয়। চিকিৎসকেরা জানান, নবজাতক ও মা সুস্থ আছে।এদিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেন (৫৭) সম্প্রতি জামিন পেয়েছেন। মাস খানেক আগে তাঁকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।ছাত্রীটির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী হওয়ায় তাঁদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। তবে ইসমাইল হোসেনের দাবি, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। রোববার ওই ছাত্রী তার সন্তানের পিতৃত্বের স্বীকৃতি দাবি করে। হাসপাতালের শয্যায় বসে তার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিষ্পাপ শিশুটি যেন তার পিতৃত্বের স্বীকৃতি নিয়ে বড় হয়।’ এ জন্য তিনি সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করেন।সদর হাসপাতালের গাইনি বিভাগের প্রধান তরুণ কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, যেহেতু অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাই মা ও নবজাতককে আরও সপ্তাহ খানেক তাঁদের অধীনে থাকতে হবে। তিনি আরও জানান, দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় মা-নবজাতককে হাসপাতাল ও সমাজসেবা দপ্তর থেকে প্রয়োজনীয় ওষুধ-পথ্য সরবরাহ করা হচ্ছে।গত বছরের ২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, একদিন স্কুল ছুটির সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই ছাত্রীকে জরুরি কথা আছে বলে বসিয়ে রাখেন। শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ার পর ইসমাইল হোসেন তাঁর অফিসকক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে তাকে খুন করা হবে বলে হুমকি দেন ওই শিক্ষক। ভয়ে ছাত্রীটি এ কথা কাউকে জানায়নি। একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে গত ৩ অক্টোবর প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।