
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার গভীর রাতে নবজাতক চোর সন্দেহে সুমি বেগম (২০) নামের এক তরুণীকে আটক করা হয়েছে। এ সময় ওই নবজাতকের মা আটক তরুণীর সঙ্গে ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ছাড়পত্র না নিয়ে এবং বিক্রির জন্য নবজাতককে নিয়ে পালানোর সময় ওই তরুণীকে আটক করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন নবজাতকের মা আসমা আক্তার (২৩)। এ ঘটনায় ওই তরুণীকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত ২০ আগস্ট সকালে নবজাতক ওয়ার্ড থেকে যমজ নবজাতকের একটি চুরি হওয়ার পর নেওয়া কড়া নিরাপত্তার কারণেই ওই তরুণী নবজাতককে নিয়ে বেরিয়ে যেতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে টঙ্গীর বউবাজারের সন্তানসম্ভবা পোশাকশ্রমিক আসমাকে ঢাকা মেডিকেলের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। এরপর মা ও নবজাতককে দোতলায় ২১২ নম্বর নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আসমার নবজাতককে কোলে নিয়ে তাঁর প্রতিবেশী সুমি ওয়ার্ড থেকে তড়িঘড়ি বের হন। সঙ্গে ছিলেন আসমা। ছাড়পত্র না থাকায় প্রসূতি বিভাগের মূল ফটকে আনসার সদস্যরা তাঁদের আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাঁদের পিছু নেওয়া নবজাতক ওয়ার্ডের সেবিকা ফারজানা আক্তার নিচতলায় সুমিকে ধরতে গেলে তিনি হাতে কামড় দেন। পরে ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে নবজাতকসহ সুমিকে আটক করেন আনসার সদস্য নাজিরা আক্তার। পরে সুমিকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয় এবং নবজাতক ও আসমাকে ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়। গতকাল রোববার সকালে হাসপাতাল ক্যাম্প থেকে সুমিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের দপ্তরে নেওয়া হয়। পরে সুমিকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
দুপুরে ২১২ নম্বর ওয়ার্ডে আসমা প্রথম আলোকে বলেন, এটি তাঁর তৃতীয় সন্তান। বাচ্চা বিক্রির অভিযোগ ঠিক নয়। তিনি টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর দেড় মাসের বেতন বকেয়া। গতকাল ওই বকেয়া দেওয়ার কথা থাকায় তিনি সুমিকে নিয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছিলেন।
অবশ্য সকালে আসমার মা তাসলিমা বেগম ও বাবা আবদুল আউয়াল ব্যাপারী হাসপাতালের পরিচালকের জিজ্ঞাসাবাদে সুমিকে তাঁদের মেয়ে দাবি করে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
হাসপাতালের পরিচালক প্রথম আলোকে বলেন, নবজাতকের মা আসমাকে কিছুটা অপ্রকৃতিস্থ মনে হচ্ছে। ছাড়পত্র না নিয়েই তিনি হাসপাতাল থেকে পালাচ্ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সুমি ও আসমা প্রতিবেশী। জিজ্ঞাসাবাদে সুমি জানিয়েছেন, আসমা তাঁর মাধ্যমে সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন।
ঢাকা মেডিকেলের নবজাতক ওয়ার্ড থেকে ২০ আগস্ট সকালে রুনা আক্তারের যমজ নবজাতকের একটি চুরি হয়ে যায়। ২৮ আগস্ট রাতে টঙ্গীর বোর্ডবাজারে বেলি আক্তারের বাসা থেকে ওই নবজাতককে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া পারভিন আক্তার ও বেলি আক্তার কারাগারে রয়েছেন।