নবজাতক নিয়ে উৎকণ্ঠায় এইচআইভি-আক্রান্ত মা
যেদিন জেনেছেন তিনি এইচআইভিতে আক্রান্ত, সেদিন থেকে অনাগত সন্তান নিয়ে দুশ্চিন্তা ভর করেছিল তাঁর মনে। গতকাল মঙ্গলবার ওই গৃহবধূর সন্তান পৃথিবীর আলো দেখল। সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তান এইচআইভিতে আক্রান্ত কি না, তা ভেবে অস্থির ওই গৃহবধূ। সেটা জানতে তাঁকে অপেক্ষা করতে হবে আরও প্রায় দুই মাস।
চিকিৎসকেরা বলছেন, স্বামীর মাধ্যমেই ওই গৃহবধূ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। তাঁর স্বামী সম্প্রতি মারা গেছেন। গত ১৮ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রসবকালীন সেবা নিতে গিয়ে ওই নারী প্রথম জানতে পারেন, তিনি এইচআইভিতে আক্রান্ত। তখন পরিবারের অন্য সদস্যদেরও রক্ত পরীক্ষা করা হয়। তখন জানা যায়, গৃহবধূর এক মেয়ে এবং স্বামীর প্রথম সংসারের এক মেয়েও এইচআইভি-আক্রান্ত।
এইচআইভি ধরা পড়ার পর থেকে ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) প্রকল্পের আওতায় চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, এইচআইভি ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওই গৃহবধূকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। যাতে অনাগত শিশুর শরীরে ভাইরাস না ছড়ায়। দুই সন্তানের জননী ওই গৃহবধূর তৃতীয় সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল চলতি মাসের ২৪ এপ্রিল। কিন্তু তার আগেই গতকাল তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় ছেলে সন্তান প্রসব করেন।
জানতে চাইলে পিএমটিসিটি প্রকল্পের প্রোগ্রাম ব্যবস্থাপক মো. আলী হোসেন বলেন, ‘ওই নারী সোমবার হাসপাতালে ভর্তি হন। আজ (মঙ্গলবার) ভোরে সন্তান প্রসব করেন। জন্মের সঙ্গে সঙ্গে নবজাতককে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এ ধরনের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার আগেই এ ওষুধ দেওয়া হয়। ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ওই নবজাতকের রক্ত পরীক্ষা করা হবে। তখন তার অবস্থা জানা যাবে।’
ওই গৃহবধূর সন্তান প্রসবের সময় তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসক মারজান। তিনি বলেন, মা-ছেলে দুজনই এখন সুস্থ আছে। ছয় সপ্তাহ পর ওই নবজাতকের রক্ত পরীক্ষা করা হবে।
ওই গৃহবধূ বলেন, ‘ছেলে তো হলো। এখন আল্লাহকে ডাকি যেন তার এই অসুখটি না হয়।’ ওই গৃহবধূর স্বামী যে এইচআইভিতে আক্রান্ত, সেটা তিনি (গৃহবধূ) জানতেন না।
গত ফেব্রুয়ারিতে ওই গৃহবধূর ৪৫ বছর বয়সী স্বামী মারা যান। তাঁর সঙ্গে বিয়ে হয় ২০১১ সালের ৯ ডিসেম্বর। এর ৩৫ দিন আগে তাঁর স্বামীর প্রথম স্ত্রী মারা যান। ওই ঘরে দুই মেয়ে ও এক ছেলে। পরের ঘরে এই নবজাতকসহ দুই ছেলে এক মেয়ে।
ওই ব্যক্তি ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন। এর পরের বছর তিনি বিদেশে চলে যান। এর মধ্যে কয়েকবার দেশে আসা-যাওয়া করেন। ২০০৮ সালে বিদেশ থেকে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপর আর বিদেশে যেতে পারেননি তিনি।
এ নিয়ে গত ২৭ মার্চ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা গেছে, এর আগে পিএমটিসিটি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন ছয়জন গৃহবধূর নবজাতক এইচআইভিমুক্ত ছিল। এর আগে এইচআইভিতে আক্রান্ত এক নারী একটি মৃত সন্তান প্রসব করেছিলেন।