নবজাতক নড়ে প্রমাণ করল মরেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বয়সের ছেলেশিশু। ঠান্ডাজনিত অসুখে কাহিল। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে ওই নবজাতককে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে ওই নবজাতককে মৃত ঘোষণা করেন। তাঁর এ ঘোষণার পর শিশুটির মৃত্যুর সনদ দেওয়া হয়। এরও প্রায় আধা ঘণ্টা পর শিশুটিকে নিয়ে হাসপাতাল ছেড়ে বাড়ির পথে রওনা হন মা-বাবা। আর তখনই শিশুটি নড়ে ওঠে। জানান দেয়, সে মরেনি।শিশুটির বাবা মাহবুব আলম ও মা রাজিনা বেগম। এ দম্পতির বাড়ি নগরের মজুমদারি এলাকায়। এ ঘটনায় তাঁরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন।রোজিনা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ‘আমার সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে আনি। ঘণ্টা খানেক পর চিকিৎসক মোহাম্মদ শাহজাহান মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুসনদ দিয়ে আমাদের বিদায় করে দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টা পরে বাড়ি যাওয়ার পথে আমার ছেলে নড়ে ওঠে। আমরা আবার দৌড়ে যাই জরুরি বিভাগে।’ শিশুটির বাবা মাহবুব জানান, ‘এ ঘটনায় চিকিৎসকসহ ওয়ার্ডে কর্তব্যরত সেবিকরাও বিস্মিত হয়ে পড়েন। আমরাও অবাক। তবে চিকিৎসকদের এ ধরনের ঘোষণায় খুব কষ্ট পেয়েছি।’ চিকিৎসক মোহাম্মদ শাহজাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটা আসলে আমার অবহেলায় হয়নি। কাকতাল বলতে পারেন। সাধারণত ৩০ মিনিট পর্যবেক্ষণ করে কোনো নবজাতককে মৃত ঘোষণা করা হয়। ওই নবজাতককে ৪৫ মিনিট পর্যবেক্ষণ করা হয়েছে। এই ৪৫ মিনিট শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিল।’ নবজাতকের মৃত্যুর সনদ বাতিল করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।