নবজাতক হত্যায় নারীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে রিজিয়া খাতুন (২৫) নামের এক নারীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এই রায় দেন।

একই মামলায় কাশেম কাপালী নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত রিজিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওসমান গনি বলেন, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জের রহিমপুর গ্রামের এক পুকুরের পাড় থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী অভিযোগ করে, নবজাতকটি ওই গ্রামের রিজিয়া খাতুন ও একই উপজেলার পাশের গ্রাম পাইকাড়ার কাশেম কাপালীর বিয়ে-বহির্ভূত সম্পর্কের সন্তান। প্রথমে অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তে ওই নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়। মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হলে পুলিশ রিজিয়া খাতুন ও কাশেম কাপালীকে গ্রেপ্তার করে। পরে জামিন নিয়ে রিজিয়া পালিয়ে যান।

১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আদালত আজ রিজিয়া খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।