নবজাতককে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দাদি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নবজাতক নাতিকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এক দাদি। গতকাল শনিবার বনপাড়া-পাবনা মহাসড়কের কয়েনবাজার এলাকায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে। একই দিন বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা এলাকায় যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার নাম মালেকা বেগম (৬০)। তিনি উপজেলার কায়েমকোলা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, নাতিকে দেখতে গতকাল সকালে মালেকা বেগম ইঞ্জিনচালিত ভ্যানে করে ছেলে কামাল হোসেনের শ্বশুরবাড়ি লালপুরের গোধড়া গ্রামে যাচ্ছিলেন। বনপাড়া-পাবনা মহাসড়কের কয়েন বাজারে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়েন ওই বৃদ্ধা। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তাঁর মৃত্যু হয়।
শেরপুরের শেরুয়া বটতলার একটি হোটেলের সামনে গতকাল বেলা সোয়া একটার দিকে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই পাঁচজন হলেন নীলফামারীর আবদুস সালাম (৫০), মো. নূরনবী (৩৫), মো. রাব্বী (২১) ও বাসচালক দিনাজপুরের মো. আতিকুল ইসলাম (৩৫)। গাবতলী উপজেলার এক বৃদ্ধার (৬০) নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার বলেন, শেরুয়া বটতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তিনটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।আহত ব্যক্তিরা ওই দুটি বাসের যাত্রী ও চালক। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি পুলিশের নিয়ন্ত্রণে নেওয়াসহ আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী তিনজন বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় যানজট দেখা দেয়।