নবজাতককে নিয়ে পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ তাঁর। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের চার দিনের মাথায় তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এই নারী হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার গেন্দারপাড়া গ্রামের সালমা আক্তার।সালমা উপজেলার পোগলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর পরীক্ষা কেন্দ্র সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ২০১১ সালে নিজ গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে সালমার বিয়ে হয়। বর্তমানে তিনি বাবার বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছেন। সালমার পরিবার সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে সালমা বাড়িতে আসার পরপরই তাঁর প্রসব বেদনা ওঠে। তাঁকে দ্রুত জেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত নয়টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কন্যাসন্তান হয়। সালমার বড় ভাই নাসির উদ্দিন জানান, ৬ ফেব্রুয়ারি সালমা আদরের সন্তানকে নিয়েই পরীক্ষা কেন্দ্রে যান। স্বাভাবিকভাবে বেঞ্চে বসেই তিনি পরীক্ষা দেন। কিছুক্ষণ মেয়েকে কোলে নিয়ে তিনি লেখেন। বেশি কান্না করলে সালমা নিজের মায়ের কাছে দেন নবজাতককে। গতকাল বুধবারও তিনি সন্তানকে নিয়ে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন।জানতে চাইলে সালমা আক্তার গতকাল পরীক্ষা কেন্দ্রে বসে প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা দিতে আমার কোনো সমস্যা হচ্ছে না।’ কেন্দ্র সচিব সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ বলেন, ‘নবজাতককে নিয়ে স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়ে সালমা দৃষ্টান্ত স্থাপন করেছে।’