নবজাতককে বিক্রি করলেন নানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার এক নবজাতককে বিক্রি করে দেন তার নানি। তবে বিক্রির ১২ ঘণ্টা পর পুলিশ নবজাতককে উদ্ধার করেছে।হাসপাতাল সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীবাড়ী চানপুর এলাকার সন্তানসম্ভবা গৃহবধূ শিখন বেগমকে (২০) ১৩ মে হাসপাতালে ভর্তি করেন তাঁর মা সখিনা বেগম। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে শিখনের একটি কন্যাসন্তান হয়। কিন্তু সন্তান জন্মের পর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে সখিনা বেগম তাঁর নবজাতক নাতনিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর ইচ্ছার বিষয়টি জানতে পেরে হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন নাটোরের এক রোগীর অভিভাবক শাহানাজ বেগম তাঁর এক নিঃসন্তান আত্মীয়কে খবর দেন। তাঁরা চার হাজার টাকায় গত শুক্রবার বেলা ১১টার দিকে শিশুটিকে কিনে নেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেনে পুলিশে খবর দেয়। পুলিশ হাসপাতালে গিয়ে শাহানাজ বেগমকে আটক করে। নবজাতককে ফেরত না দিলে অপহরণের মামলা করা হবে জানোনোর পর শাহানাজ বেগম মুঠোফোনে তাঁর আত্মীয়কে বাচ্চাটি নিয়ে আসতে বলেন। এরপর রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে তাঁরা বাচ্চাটি সখিনা বেগমের কাছে হস্তান্তর করেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, শিশুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের জন্য সখিনা বেগম অনুতপ্ত। তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন। জানতে চাইলে সখিনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর জামাই দিনমজুর। দেড় মাস ধরে তাঁর মেয়ে অসুস্থ থাকলেও জামাই কোনো খোঁজ নেননি। সন্তান প্রসবের পর মেয়ের ওষুধ কেনা জরুরি হয়ে পড়েছিল। তাই ক্ষোভে-দুঃখে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।