নবজাতকটির জন্য প্রার্থনা
ঘটনাস্থল পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন রানওয়ে মাঠ। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল ১১ বছরের শিশু সাব্বির। হঠাৎ পাশে ঝোপের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায় সে। এগিয়ে গিয়ে দেখে, চার-পাঁচটি কুকুর কোনো কিছু কামড় দিচ্ছে। সাব্বিরদের প্রথমে মনে হয়েছিল, হয়তো কোনো পুতুল বা খাবার নিয়ে টানাহেঁচড়া করছে কুকুরের দল। কিন্তু কুকুরগুলো তাড়িয়ে দেখে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে একটি মেয়েশিশু হাত-পা ছড়িয়ে কাঁদছে।
সাব্বির ও তার সঙ্গীরা কোলে তুলে নেয় শিশুটিকে। এরপর মাঠের পাশে নিজের বাসায় গিয়ে সাব্বির তার মা জাহানারা বেগমকে খবর দেয়। জাহানারা ছুটে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে নিজের ঘরে যান। নাভির সঙ্গে ঝুলন্ত নাড়িটি নিজেই কাটেন। স্বামী সাগরসহ প্রথমে শিশুটিকে নিয়ে যান স্থানীয় একটি ক্লিনিকে, এরপর শ্যামলী শিশু হাসপাতালে। অক্সিজেন দিয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় শিশুকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে। সেখানেই পুরো ঘটনার বর্ণনা দেন তিনি।
জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, ‘নাড়ি কাটার সময় রক্ত আমার গায়ে লেগে যায়। আরেকটু দেরি হলে হয়তো বাচ্চাটিকে বাঁচানো যেত না। কুকুরের দল ওকে খেয়ে ফেলত।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে। রক্ত পড়া বন্ধ হয়েছে। তবে শিশুটির শরীরজুড়ে রয়েছে ক্ষতচিহ্ন। নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা জানান, শিশুটির জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ওর নাক, মুখ ও বাঁ হাতে কুকুরের কামড়ের আঘাত আছে।
নবজাতক বিভাগের একজন চিকিৎসক বলেন, শিশুটির বাঁ হাতের দুটি আঙুলের ওপরের অংশ ঝুলে ছিল। কুকুরের কামড় থাকায় জলাতঙ্ক রোগের ঝুঁকি রয়েছে।
ঢাকা মেডিকেলে কাফরুল থানার উপপরিদর্শক কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শিশুটিকে বাঁচানো। এরপর ওর আসল মা-বাবাকে খুঁজে বের করার চেষ্টা করব। কারা কীভাবে শিশুটিকে এখানে রেখে গেল, সেটি তদন্ত করে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’