নবজাতকদের অন্ধত্ব মোকাবেলায় উদ্যোগ প্রয়োজন
রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটির (আরপিও) কারণে নবজাতকের রেটিনায় রক্তক্ষরণ ও ক্ষত সৃষ্টি হয়, যা পরিণামে অন্ধত্ব ডেকে আনে। তাই আরপিও মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আজ সোমবার রাজধানীর ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরপিও) অর্থাৎ অপরিণত নবজাতকের রেটিনা রক্তনালির অস্বাভাবিকতা বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সরকারের ন্যাশনাল আই কেয়ার, অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ নিওনেটাল ফোরাম এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ বলেন, বাংলাদেশে অনেক ক্ষেত্রে আরওপি নির্ণয় করা হয় না, আবার কখনো এত দেরিতে হয় যে তখন আর চিকিৎসার সময় থাকে না। তিনি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আরওপির হার বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে এর থেকে সৃষ্ট অন্ধত্ব।
অধ্যাপক জালাল বলেন, অপরিণত বাচ্চা জন্মের এক মাসের মধ্যে রেটিনা পরীক্ষা করালে এ সমস্যা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। এ ছাড়া এই রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ প্রাথমিক অবস্থায় প্রকাশ পায় না, তাই অভিভাবকদের নিজ থেকেই উদ্যোগ নিতে হবে।
অরবিস এশিয়ার আঞ্চলিক প্রকল্প পরিচালক এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের(আইএপিবি) দক্ষিণ এশিয়া অঞ্চলের কো–চেয়ার চিকিৎসক আবু রায়হান বলেন, আমরা শিশুদের অন্ধত্ব নিরূপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিভাবক ও চিকিৎসকদের অসচেতনতা এবং অপর্যাপ্ত চিকিৎসাব্যবস্থার কারণে অনেক শিশু অন্ধত্বের অভিশাপ নিয়ে জীবনযাপন করছে। নতুন ও আধুনিক তথ্য আদান–প্রদানের মাধ্যমে এই অন্ধত্বের প্রবণতা কমিয়ে আনা সম্ভব।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন এশিয়া–প্যাসিফিক অফথালমলজির প্রেসিডেন্ট রাজবধর্ন আজাদ, ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিশু চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক রিটা এস সিটোরাস, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেশীয় প্রধান চিকিৎসক মুনির আহমেদ, বাংলাদেশ নিও নেটাল ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক হোসনে আরা বেগম এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক মাইকেল হল।