নবজাতকসহ তিনজনের লাশউদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার খৈয়াছড়া ও জোরারগঞ্জ এলাকা থেকে ওই তিনটি লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া ফকিরপাড়ার একটি নর্দমা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় মো. জাবেদ ও শিবলু জানান, গতকাল দুপুরে ছোট ছেলেরা খেলার সময় ফকিরপাড়ার নর্দমায় এক নবজাতকের লাশ ভাসতে দেখে লোকজনকে জানায়। বিষয়টি মিরসরাই থানায় জানালে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।

অপরদিকে, গতকাল দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার একটি খাদে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে ফুলপ্যান্ট ও শার্ট রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গতকাল ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলে চালক বেলাল হোসেন (৪০) মারা যান।

নিহত বেলাল বরিশাল জেলার গৌরনদী উপজেলার আবদুল গনি সরকারের ছেলে বলে নিশ্চিত করেছেন মিরসরাই থানার উপপরিদর্শক মো. ইকবাল।