নবজাতকের লাশ উদ্ধার বাবাসহ তিনজন আটক
বাগেরহাটের মংলা উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের একটি খাল থেকে গতকাল বুধবার সকালে পাঁচ দিন বয়সী একটি মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মায়ের অভিযোগ, তাঁর সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির দাদি মাতোয়ারা, ফুফু কাকলী ও বাবা সোলায়মানকে আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাঁদপাই গ্রামের বাসিন্দা ও ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক সোলায়মান শেখ (২৪) গত বছর কামরাঙ্গীরচরে সুনামগঞ্জের মেয়ে বৃষ্টিকে (২২) বিয়ে করেন। গত জানুয়ারিতে সোলায়মান স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরে আসেন। গত শনিবার বৃষ্টি ওই শিশুর জন্ম দেন। গতকাল সকালে গ্রামের দোয়ানী খাল থেকে এক জেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। বৃষ্টির অভিযোগ, তাঁর শাশুড়ি ও ননদ তাঁদের বিয়ে মেনে নেননি। এর জের ধরে তাঁর শিশুকে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে খালে ফেলে দেওয়া হয়েছে।