নবজাতকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত শুক্রবার রাতে সেবা ক্লিনিকে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। ওই নবজাতকের মা নাজমা বেগম বলেন, তিনি যখন এ ক্লিনিকে আসেন, তখনো পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করছিল। ক্লিনিক কর্তৃপক্ষ জোর করার কারণেই স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেননি। আর এ কারণেই তাঁর সন্তান মারা গেছে। তিনি আরও বলেন, সন্তান প্রসবের সময় কোনো চিকিৎসক ছিলেন না। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোসা. স্বপ্না বেগম বলেন, ‘ওই প্রসূতি মৃত বাচ্চা প্রসব করেছেন। এ জন্য ক্লিনিক কর্তৃপক্ষ দায়ী না।’ বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’