নবজাতকের মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নবজাতকের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।জানা যায়, গত শুক্রবার ভোরে সাভারের আশুলিয়ার বাইদগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী বিথী আক্তার (২০) প্রসববেদনা নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন বেলা তিনটার দিকে তাঁকে হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সন্ধ্যা সাতটার দিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফরিদা হক অস্ত্রোপচারকক্ষে ঢোকেন। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি মৃত বাচ্চা বের করে আনেন।ফারুক হোসেন অভিযোগ করেন, স্ত্রীকে ভর্তি করার পর থেকেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাঁকে নিয়ে গবেষণা করেন। অবস্থার অবনতি হলে বেলা তিনটার দিকে ওই শিক্ষার্থীদের পরামর্শে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। তখনো পেটের ভেতরে বাচ্চা নড়াচড়া করছিল। তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার পরপরই কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিলে বাচ্চা জীবিত থাকত। ফারুকের বাবা মো. শাহ আলম জানান, কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফরিদা হক বলেন, হাসপাতালে ভর্তি করার পর থেকে বিথী আক্তার ও তাঁর গর্ভের শিশু স্বাভাবিক ছিল। একপর্যায়ে শিশুর অবস্থার অবনতি হলে বিথীকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে অভিভাবকেরা আপত্তি জানান। পরে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার করা হয়। ততক্ষণে বাচ্চা মারা যায়।এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এনামুর রহমান বলেন, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়নি। অস্ত্রোপচারের বিষয়ে অভিভাবকেরা সময়মতো সিদ্ধান্ত দিতে না পারায় ওই মৃত্যুর ঘটনা ঘটে।