নবজাতকের মৃত্যু, লাশ আটকে টাকা আদায়ের চেষ্টা
অপ্রশিক্ষিত সেবিকারা এক প্রসূতির প্রসব ঘটানোয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নবজাতকের লাশটি আটকে রেখে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টারও অভিযোগ উঠেছে। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌর এলাকার শিবচর জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে। অসুস্থ প্রসূতিকে ক্লিনিক থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, মামলার এজাহার ও প্রসূতির স্বজনদের সূত্রে জানা যায়, শিবচরের সীমান্তবর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর চকিদারকান্দি গ্রামের বাসিন্দা রিকশাচালক মোসলেমউদ্দিন মুন্সীর স্ত্রী সাবিনা বেগমের (২০) প্রসবব্যথা উঠলে শুক্রবার বিকেলে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাঁকে ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সেখানে ক্লিনিকের সেবিকা তাসলিমা আক্তার, শারমীন আক্তার, আয়া চায়না বেগম সাবিনার স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকের দুজন অভ্যর্থনাকারীকে সঙ্গে নিয়ে প্রসবের চেষ্টা করেন। এতেও স্বাভাবিক প্রসবে ব্যর্থ হয়ে অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়। সেবিকা তাসলিমা ওই অস্ত্রোপচার করেন। প্রসবের পরপরই নবজাতকটি মারা যায়।প্রসূতির ভগ্নিপতি বাদশা মিয়া বলেন, ‘ওই ক্লিনিকে গিয়ে চিকিৎসক না পেয়ে আমরা চলে আসতে চাইলে তাসলিমা ভালোভাবে প্রসব করানোর আশ্বাস দেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার কথা বলে আমাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে রোগীকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর আমাদের জানানো হয়, নবজাতক মৃত। আমরা লাশটি চাইলে দুই হাজার টাকা দাবি করা হয়। কিন্তু টাকা না দিয়ে আমি গিয়ে থানায় মামলা করি।’ ঘটনার রাতেই সেবিকা তাসলিমা আক্তার, শারমীন আক্তার, আয়া চায়না বেগমের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ গতকাল শনিবার সকালে একটি কার্টনে ভরা ওই নবজাতকের লাশটি ক্লিনিকের একটি রেফ্রিজারেটর থেকে উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সেবিকা পরিচয়দানকারী তাসলিমা আক্তার, শারমীন আক্তার ও আয়া চায়না বেগম স্বীকার করেন, সেবিকা হিসেবে তাঁদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। পুলিশ সাবিনাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ও নবজাতকের লাশটি থানায় নিয়ে যায়। সাবিনা বেগম বলেন, ‘এটা আমার প্রথম সন্তান। ডেলিভারির সময় নার্সরা আমার বুকে ও পেটে জোরে জোরে চাপ দিয়েছে। তারা আমার কলিজার টুকরাকে মেরে ফেলল। আমি তাদের বিচার চাই।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতিউর রহমান জানান, সাবিনাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসলিমা বলেন, ‘নার্সিংয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ক্লিনিকে থাকতে থাকতে কাজ শিখেছি। এই বাচ্চা ডেলিভারিতে কোনো ভুল বা অবহেলা নেই।’ ওই ক্লিনিকের ব্যবস্থাপক ইউনুছ মোল্লা দাবি করেন, পরীক্ষা করে জানা গেছে, মায়ের পেটেই শিশুটি মারা গেছে। এরপর রোগীর মতামত নিয়ে ডেলিভারি সম্পন্ন করা হয়। একটি মহলের ইন্ধনে ক্লিনিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। তবে তিনি পরীক্ষা-নিরীক্ষার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।ক্লিনিকের অন্যতম স্বত্বাধিকারী লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিনুর রহমান বলেন, ‘নবজাতকের মাথা, গলা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অনভিজ্ঞ নার্সের মাধ্যমে ডেলিভারি হওয়ার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’