নবজাতকের মৃত্যু তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ তদন্তে গতকাল শনিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই নবজাতকের মৃত্যু হয়।চিকিৎসায় অবহেলার কারণে ওই নবজাতক মারা গেছে—এই অভিযোগে গত শুক্রবার নবজাতকের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন।তিন সদস্যের তদন্ত কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মৃত নবজাতকের পরিবার সূত্র ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, পোশাকশ্রমিক মরিয়ম আক্তারের (২০) প্রসববেদনা শুরু হলে গত বুধবার তাঁকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে জ্যেষ্ঠ সেবিকা রাশিদা শিকদারের তত্ত্বাবধানে মরিয়ম একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর মরিয়মের মা হাসিনা খাতুনের কোলে রেখে নবজাতককে অক্সিজেন দেওয়া হয়। পরে হাসিনা দেখেন, নবজাতকের মাথায় পেঁচানো কাপড় রক্তে ভিজে গেছে। এরপর তিনি দেখতে পান, নবজাতকের মাথার তালু কাটা। বিষয়টি কর্তব্যরত সেবিকাকে জানালেও শিশুটির চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়নি। রাত দুইটার দিকে নবজাতকের মৃত্যু হয়। শুক্রবার ভোরে মরিয়মকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে নবজাতকের লাশ নিয়ে চলে যেতে চাপ দেন রাশিদা। তিনি হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে মরিয়ম ও তাঁর মাকে লাশ দাফনের জন্য পৌর কবরস্থানে পাঠিয়ে দেন। কবরস্থানে মা-মেয়ের কান্নাকাটিতে এলাকার লোকজন জড়ো হন। ঘটনা জানতে পেরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মরিয়মের স্বামী জহিরুল দিনমজুর। ছয় মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করে মরিয়মকে ফেলে চলে যান। চার মাস আগে মরিয়ম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেবিকা রাশিদা শিকদার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।গাজীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘সিনিয়র নার্সরাও নরমাল ডেলিভারি করাতে পারেন। অনেক শিশুর এ রকম মাথা কাটা সমস্যা নিয়ে জন্ম হয়। এই নবজাতকের মৃত্যুর পেছনে কারও অবহেলা আছে কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।’ গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ বলেন, ‘নবজাতকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তে যাঁরা দায়ী হবেন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’