নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনেরা আজ রোববার সকালে মেমন হাসপাতালে হট্টগোল করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদ্যঃপ্রসূত শিশুটির মৃত্যুর জন্য তাঁরা হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন। পরে তদন্ত কমিটি গঠনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

পারিবারিক সূত্র জানায়, নগরের কামাল গেটের বাসিন্দা সন্তানসম্ভবা রোকেয়া বেগম গতকাল সকালে সদরঘাটে সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে ভর্তি হন। দুপুরের দিকে তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। বিশেষজ্ঞ চিকিৎসক প্রীতি বড়ুয়া তাঁর অস্ত্রোপচার করেন।
ডা. প্রীতি বড়ুয়া জানান, জন্মের পর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ওই দিন বিকেলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তিনি অভিযোগ করে বলেন, প্রসূতি রোকেয়া বেগমকে ২৮ জানুয়ারি ভর্তি হতে বলা হয়েছিল। তিনি সেদিন ভর্তি হননি। প্রসবের সময় চলে যাওয়ার কারণে বাচ্চাটি মুমূর্ষু হয়ে পড়ে।
তবে প্রসূতি রোকেয়ার স্বামী আল আমীন সরকার প্রথম আলোকে বলেন, বাচ্চাটি মেডিকেলে নেওয়ার পথেই মারা গেছে। ওখানে ভর্তি করাতে হয়নি। মেমন হাসপাতালে যে ইনকিউভেটর নেই, সেটা আমাদের আগে থেকে বলা হয়নি।
রিয়াজ উদ্দিন বাজারের আল আমীন সরকার দুদিন পরে ভর্তি হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ওই দিন আমরা ভর্তি হতে পারিনি। কিন্তু বাচ্চার এরকম অবস্থা হবে সেটা আগে থেকে জানালে আমরা যেখানে আইসিইউ সুবিধা আছে সেখানে অপারেশন করাতাম।
বাচ্চা মারা যাওয়ার পর আজ সকালে প্রসূতির স্বজন এবং আল আমীনের বন্ধু বান্ধব গিয়ে হাসপাতালে হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁদের কেউ কেউ সেখানে মারমুখী হয়ে পড়েন। তাঁরা চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করতে থাকেন। পরে স্থানীয় কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, পুলিশ এবং সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘আমরা রোগীর লোকজনকে বুঝিয়ে বলেছি। কার কারণে এরকম হয়েছে তা খতিয়ে দেখতে আজই (রোববার) একটি কমিটি গঠন করা হবে। তাঁরা বিষয়টি মেনে নিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, হাসপাতালে কোনো ভাঙচুর কিংবা অন্য কিছু ঘটেনি। রোগীর লোকজন হইচই করেছে কেবল। পরে তদন্ত কমিটি গঠনের আশ্বাসে তারা শান্ত হয়।
প্রসূতি রোকেয়া বেগম এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।