নবজাতকের মৃত্যুহার বাড়ছে
১৪ বছর বয়সে জেসমিন বেগমের বিয়ে হয় পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালী গ্রামে। স্বামী মাহাবুব কৃষিশ্রমিক। বিয়ের চার বছর পর গত ২৩ নভেম্বর রাতে প্রসবব্যথা শুরু হলে স্থানীয় ধাত্রীকে ডাকা হয়। রাতে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। তবে জন্মের পর থেকেই নবজাতকের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রাতেই পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করার পর নবজাতকটি মারা যায়।
বাউফল উপজেলা শহরের হাট এলাকার উম্মে আয়শা (২২) প্রসবব্যথা নিয়ে গত ২৬ নভেম্বর পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ছেলেসন্তান জন্ম দেন। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুটি মারা যায়। পটুয়াখালী সদর হাসপাতালে ১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত আয়শা ও জেসমিনের মতো ১১টি নবজাতক মারা গেছে।
পটুয়াখালী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সদর হাসপাতালে ১৩২টি নবজাতকের মৃত্যু হয়েছে। ২০১২ সালে ১৩৩টি ও ২০১১ সালে ১২৩টি নবজাতক মারা গেছে।
গত ২৬ নভেম্বর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিরিনা বেগম (১৮) নামের এক মা তাঁর নবজাতককে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অক্সিজেন দিয়ে তার শ্বাস-প্রশ্বাস সচল রাখা হয়েছে। শিরিনা জানান, ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়। স্বামী দুলাল ইটভাটার শ্রমিক। বিয়ের দুই বছর পর তিনি একটি মৃত ছেলেসন্তান জন্ম দিয়েছিলেন। এবার গর্ভবতী হওয়ার সাত মাস পরই অসুস্থ হয়ে পড়লে গত ১৯ নভেম্বর তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন পর তিনি কম ওজনের সন্তান জন্ম দেন। ওই সন্তানের জন্মগত শ্বাসকষ্ট আছে। এখন শিশুটিকে বাঁচিয়ে রাখতে চিকিত্সকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মোস্তাফিজুর রহমান জানান, অপুষ্টি, ধাত্রীদের সহায়তায় সন্তান জন্মদান, ওজম কম, সচেতনতার অভাব, জন্মগত শ্বাসকষ্টসহ নানা কারণে নবজাতক জন্মের পর মারা যাচ্ছে। বাবা ও মায়েদের মধ্যে গর্ভকালীন চিকিত্সা ও পরিচর্যার বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে নবজাতকের মৃত্যুর হার কমানো সম্ভব।
হাসপাতালের তত্ত্বাবধায়ক তরুণ কান্তি হালদার জানান, অপরিণত বয়স বা বাল্যবিবাহের কারণে প্রসূতিরা কম ওজনের সন্তান জন্ম দিচ্ছেন। সচেতনতার অভাবে প্রসূতিরা প্রসব-পূর্ববর্তী স্বাস্থ্যসেবা নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখান না।