নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের একটি প্ল্যান্টেশন এলাকায় লাল কাপড়ে মুড়িয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটায় চা গাছের গোড়ার পাশের একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করে লাকড়ি কুড়াতে যাওয়া কিশোরেরা।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর একদল কিশোর জ্বালানি লাকড়ি কুড়াতে চা বাগানের ১৬ নম্বর বাজার টিলা প্ল্যান্টেশন এলাকায় প্রবেশ করে। ঘটনাস্থলে গেলে নতুনভাবে মাটি ভরাট করা একটি গর্ত ও উপরিভাগে লাল কাপড়ের একাংশ বের হওয়া দেখতে পায়। কিশোরেরা ওই লাল কাপড় ধরে টান দিলে সঙ্গে সঙ্গে মৃত নবজাতক কন্যা সন্তানের লাশ বের হয়ে আসে। এ ঘটনায় খবর পেয়ে বেলা দুইটায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মো. আবু সায়েম আবদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নবজাতকের লাশটি উদ্ধার করে।

মো. আবু সায়েম আবদুর রহমান বলেন, তদন্ত ছাড়া সঠিকভাবে কিছুই বলা যাবে না। তবে লাশ উদ্ধার স্থান থেকে পাওয়া কিছু কাপড় ও ব্যাগ দেখে অনুমান করা হচ্ছে কোনো বাসা থেকে ব্যাগের ভেতর করে নবজাতকের লাশ চা বাগানকে নিরাপদ স্থান মনে করে পুতে রাখা হয়েছে। নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।