ভুট্টাখেতে নবজাতকের লাশ

লালমনিরহাট সদর উপজেলায় খেত থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার এবং সঙ্গে থাকা ক্লিনিকের একটি ভিজিটিং কার্ড ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকালে গোকুন্ডা ইউনিয়নের তিস্তা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশের একটি ভুট্টাখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার এবং আলামতগুলো জব্দ করে। জব্দ করা ভিজিটিং কার্ডটি কুড়িগ্রাম সদর হাসপাতাল রোডে অবস্থিত আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের। লাশটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জব্দ করা ভিজিটিং কার্ডের এক পাশে বিলকিস নামের এক নারীর নাম ও মোবাইল নম্বর।
আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আজিম উদ্দিন বলেন, ১৫ মার্চ কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বিন্দুর চরের আক্কেল মামুদ মৌজার বাসিন্দা মোর্শেদা বেগম (৩৩) নামের এক নারী তাদের ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করাতে আসেন। তাঁর আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট অনুযায়ী তখন তিনি ৩০ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই সময় ক্লিনিকের একটি ভিজিটিং কার্ডের পেছনে ক্লিনিকের অভ্যর্থনা কর্মী বিলকিসের মুঠোফোন নম্বরটি লিখে দেওয়া হয়েছিল। এর বেশি কিছু তাঁরা জানেন না বলে দাবি করেন।
লালমনিরহাট সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম বলেন, ‘লাশের সঙ্গে কাপড় এবং কুড়িগ্রামের একটি ক্লিনিকের ভিজিটিং কার্ড পেয়েছি। ভিজিটিং কার্ডের মুঠোফোন নম্বরগুলোতে যোগাযোগ করে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করব।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১১ মার্চ লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের জনতা ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে কালো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় অপর একটি নবজাতকের লাশ আদিতমারী থানা-পুলিশ উদ্ধার করে।