
দেশে শিশুদের একটি বড় অংশ মারা যাচ্ছে জন্মের প্রথম ২৮ দিনে। বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পরেই নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করা গেলে শিশুমৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য জন্মের পাঁচ মিনিটের মধ্যে নবজাতকের শরীর মুছে ফেলা, জন্মের পরের তিন দিন নবজাতককে গোসল না করানোসহ পাঁচটি সেবা নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ বক্তব্য দেন। ইউনিসেফের সহযোগিতায় বৈঠকটির আয়োজন করে প্রথম আলো। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বৈঠকের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে নবজাতকের মৃত্যু প্রতি হাজারে ১২, শিশুমৃত্যু ২৫ এবং প্রতি লাখে মাতৃমৃত্যু ৭০-এ নামাতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা, খাদ্য, পুষ্টি, নারীর ক্ষমতায়নের বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রসবের মাত্র ৪০ শতাংশ হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে। বাকি প্রসব হচ্ছে বাড়িতে। লোকজনকে হাসপাতালে, ক্লিনিকে আসতে সচেতন করতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকে প্রশিক্ষিত জনবল এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, পাঁচ বছরের কম বয়সে মৃত শিশুদের ৬১ শতাংশ নবজাতক। বর্তমানে যে হারে শিশু মৃত্যুহার কমছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে তার চেয়ে ১ শতাংশ বেশি হারে কমাতে হবে। এ জন্য বহুমাত্রিক ও গভীর বিশ্লেষণধর্মী জরিপ প্রয়োজন। যে অঞ্চলে জনসংখ্যা বেশি, সেখানে বেশি নজর দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, শুধু নবজাতকের দিকে দৃষ্টি দিলেই হবে না, একই সঙ্গে বেশি বয়সী শিশুদের মৃত্যুহার কমাতেও কাজ করা প্রয়োজন। শহুরে জনগণকে ভুলে গেলে চলবে না, লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে কাজগুলো সহজে করা যায়, সেগুলো বেছে নিতে হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার বলেন, নবজাতকদের ক্ষেত্রে প্রথম দিন ও প্রথম সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। প্রধান তিনটি কারণে নবজাতকদের মৃত্যু হয়। এগুলোর মধ্যে আছে জন্মের আগের জটিলতা, সংক্রমণ প্রভৃতি। এগুলো চাইলেই প্রতিরোধ করা যায়। পরিচ্ছন্ন ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে কাজ চলছে।
নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এনবিএইচপি অ্যান্ড আইএমসিআই প্রকল্পের ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন। তাতে বলা হয়, দেশে প্রতিবছর ৭৪ হাজার নবজাতক মারা যাচ্ছে। তবে শিশুদের একটি বড় অংশ মারা যাচ্ছে জন্মের প্রথম ২৮ দিনে।
আলতাফ হোসেন বলেন, নবজাতকের অত্যাবশ্যকীয় সেবায় পাঁচটি বিষয় জড়িত। এগুলো হলো জন্মের সঙ্গে সঙ্গে বুকের দুধ পান করানো, জন্মের পাঁচ মিনিটের মধ্য নবজাতকের শরীর মুছে শুকিয়ে রাখতে হবে, জন্মের পরের তিন দিন নবজাতককে গোসল না করানো, নবজাতকের নাভিতে কোনো কিছু না লাগানো এবং প্রসব ও নাভি কাটার ক্ষেত্রে নিরাপদ সামগ্রী ব্যবহার। কোনো নবজাতকের ক্ষেত্রে এই পাঁচটি বিষয় নিশ্চিত করা গেলে মৃত্যুহার অনেক কমে যাবে।
মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলামে নবজাতক-বিষয়ক পাঠ্য যুক্ত করা জরুরি বলে মন্তব্য করেন বারডেম হাসপাতালের পরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, বর্তমান কারিকুলামে ডাক্তারি পাস করে যাচ্ছে, অথচ নবজাতক সম্পর্কে জানছে না। তিনি প্রসব ও নবজাতক বিষয়ে মায়েদের পাশাপাশি বাবাদেরও সচেতন করার পরামর্শ দেন।
নবজাতকের অত্যাবশ্যকীয় সেবার বিষয়গুলো গণমাধ্যমে বেশি করে প্রচারের অনুরোধ জানান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি মোহাম্মদ সহিদুল্লা। তিনি বলেন, আগে মায়েদের প্রতি বেশি নজর দেওয়া হতো। এখন নবজাতকের জন্য জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি অনেক বড় অগ্রগতি। এখন সরকারের সহায়ক হিসেবে সবাইকে সঠিক ভূমিকা রাখতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এনবিএইচপি অ্যান্ড এএইচের লাইন ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, দেশের কোনো অংশকে বাদ না দিয়ে ঘরে ঘরে নবজাতক-সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। গর্ভবতী মহিলাদের সেবা, প্রসব কোথায় হবে, নবজাতকের সেবা সব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেওয়া হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচএস প্রকল্পের পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, প্রসব-সেবা, বাল্যবিবাহ, অটিজম ও নবজাতকের সেবা বিষয়ে সচেতনতা তৈরিতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি মা ও শিশুর চিকিৎসায় ব্যবহারের জন্য প্রতিটি উপজেলায় চালক, জ্বালানিসহ একটি করে অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করেন।
নবজাতকের মৃত্যু কমাতে বাড়ির বদলে প্রতিষ্ঠানে প্রসব বাড়ানোর ওপর গুরুত্ব দেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এম এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, ১৫ বছর বয়সে প্রথম মা হচ্ছে এমন প্রসবগুলোও বাড়িতে হচ্ছে। ফলে মা ও নবজাতক উভয়ের জীবনই ঝুঁকিতে পড়ছে। এদের প্রসব হাসপাতাল, ক্লিনিকে হওয়া জরুরি।
স্বাস্থ্য অধিদপ্তরের পিএইচসি অ্যান্ড পিএম এনএনএইচপির পরিচালক খালেদা ইসলাম বলেন, প্রসূতি মা ও নবজাতক বিষয়ে যারা কাজ করছে, তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে জরুরি সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ পরিচালক শামস এল আরেফিন বলেন, দেশে যেসব প্রসব প্রতিষ্ঠানে হচ্ছে, তার অধিকাংশই বেসরকারি প্রতিষ্ঠানে। মাতৃ ও নবজাতকের কর্মসূচি পৃথক না হয়ে একসঙ্গে করার পরামর্শ দেন তিনি।
ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমীন বলেন, নবজাতকের অত্যাবশ্যকীয় সেবাগুলো মাকে শিখিয়ে দিলে মৃত্যুহার কমিয়ে আনা যায়। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। প্রসূতি ও নবজাতকের মৃত্যু কমাতে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউ বর্ন লাইফের পরিচালক নজরুল ইসলাম, কেয়ার বাংলাদেশের কর্মসূচি পরিচালক জাহাঙ্গীর হোসেন ও ব্র্যাকের এইচএনপিপির মো. আসাদুর রহমান।