নবজীবনের স্বপ্ন দেখছে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাত ছেড়ে হাঁটো। দেখো তো, না ধরে হাঁটতে পারো কি না। ও, ব্যথা করছে, তাহলে একটু বসো। আরে দেখো না, ওর তো দুই পা-ই নেই, তোমার তো একটি পা আছে, ও পারলে তুমিও পারবে।
সাভারে রানা প্লাজার আহত শ্রমিক শিল্পীর কৃত্রিম পা লাগানোর পর অনুশীলনের একপর্যায়ে এভাবেই সাহস দেওয়ার চেষ্টা করছিলেন থাইল্যান্ডের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। গতকাল বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কথাগুলো শিল্পীকে বাংলায় বলে দিচ্ছিলেন থাই দূতাবাসের এক প্রতিনিধি।
আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিক এবং বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ১০৭ জনকে বিনা মূল্যে কৃত্রিম পা লাগানোর এ কার্যক্রম চলছে। থাইল্যান্ড সরকারের সহায়তায় ২২ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে থাইল্যান্ড থেকে ৬৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। গতকাল বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, শিগগিরই বাংলাদেশে হাত-পা সংযোজন কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
শিল্পী প্রথম আলোকে বলেন, ‘পা হারানোর পর কখনো চিন্তা করিনি আবার হাঁটতে পারব। এখন হাঁটতে পারছি, নতুন জীবনের স্বপ্ন দেখছি।’
অনুশীলন শেষ করে চেয়ারে বসে ছিলেন আরেক আহত শ্রমিক রেহানা বেগম। তাঁর দুটো পা-ই কাটা গেছে। তাঁকে দুটি কৃত্রিম পা বানিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় খরচ বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছে বিজিএমইএ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে রেহানা ১৫ লাখ টাকা এবং শিল্পী ১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেয়েছেন।
থাইল্যান্ডের বিশেষজ্ঞ দলের কয়েকজন প্রতিনিধিরও পা নেই। তাঁরাও কৃত্রিম পায়ের সাহায্যে চলাচল করছেন। এই কৃত্রিম পা লাগানো প্রতিনিধিরা শিল্পী, রেহানাদের কৃত্রিম পা লাগাচ্ছিলেন অত্যন্ত মমতা ও যত্নের সঙ্গে। পা না থাকার যে কী বেদনা, তা তো তাঁরা জানেন।