নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গত বছর জামায়াত-শিবিরের ভয়াবহ তাণ্ডবের ঘটনায় করা তিনটি মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলসহ ২৬৯ জনের বিরুদ্ধে গতকাল শনিবার আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ।
পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, তদন্তে নুরুলসহ অন্য সব আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এজাহার সূত্র থেকে জানা গেছে, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত বছরের ৩ মার্চ চাঁদে দেখা গেছে বলে সদর, নন্দীগ্রামসহ কয়েকটি উপজেলায় গুজব ছড়ানো হয়। এরপর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালান। ওই সহিংসতায় ১৪ জন নিহত হন। নন্দীগ্রাম উপজেলায় নুরুলের নেতৃত্বে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সে হামলা চালান। বারুদ দিয়ে উপজেলা পরিষদের ১৯টি কার্যালয় পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পোড়ানো হয় সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ নথি, কার্যালয়ের আসবাব, জাতীয় পতাকা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি জিপ গাড়ি, উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যানের জিপ গাড়ি এবং উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফের বাসভবন। হামলা চালানো হয় নন্দীগ্রাম থানাতেও। এসব ঘটনায় চারটি মামলা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কমপ্লেক্স পোড়ানো মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান আলী জানান, গত বছরের ৩ মার্চের সহিংসতার ঘটনায় নন্দীগ্রাম থানায় হামলার মামলায় জামায়াতের নেতা নুরুলের বিরুদ্ধে আগেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। নতুন করে আরও তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এগুলো হলো উপজেলা পরিষদে হামলা ও বারুদ দিয়ে পোড়ানো, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের নেতা রেজাউল আশরাফের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ এবং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বাড়িতে হামলার ঘটনায় করা মামলা।
প্রথম দফার উপজেলা নির্বাচনে জামায়াত-সমর্থিত নুরুল ইসলাম নন্দীগ্রাম থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নুরুল বলেন, ‘সবগুলো মামলায় আমাকে প্রধান আসামি করা হয়। অথচ ওই দিন আমি উপজেলা সদরে যাইনি।’