ফসলি জমি দখল করে মাছের ঘের তৈরি করার অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শামছুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার মনিরামপুর থানায় শামসুল হকসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন একজন জমির মালিক। মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় ইউপি সদস্য মাহাবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ১৩ মে শামছুল হক ও তাঁর লোকজন জমির মালিকদের অনুমতি ছাড়াই অন্তত ২০০ বিঘা জমিতে মাছের ঘের তৈরির জন্য খনন কার্যক্রম শুরু করে। তারা বোমা, পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুটি এক্সকাভেটর যন্ত্র নিয়ে আসে। জমির মালিকদের মধ্যে সুনীল, চিত্র হাজরা, ভগীরথ, মুকুন্দ, রফিকুল, মিলন এতে বাধা দিলে তাঁদের মারধর করা হয়।
এ ঘটনায় গত বুধবার অরুণ হাজরা নামে একজন জমির মালিক মনিরামপুর থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়া গেছে। হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে ইউপি চেয়ারম্যান শামছুল হকের লোকজন মাছের ঘের করছে। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। একজন ইউপি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’