নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা
নরসিংদীর মাধবদী পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ইলিয়াছ গতকাল বুধবার সকাল সাতটায় আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত মেয়র মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন মেয়রকে ঘুম থেকে তুলে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাবেক মেয়র। মাধবদী পৌরসভা নির্বাচনে এ দুজন ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।
শুভেচ্ছা জানানোর ওই মুহূর্তে উপস্থিত ছিলেন স্থানীয় তরুণ আল আমিন চৌধুরী। তিনি বলেন, সকাল সাতটায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ইলিয়াছ আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র মোশাররফ হোসেনের টাটাপাড়া এলাকার বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ও নবনির্বাচিত মেয়র মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু মনির হোসেন ভূঁইয়া বলেন, মেয়র ইলিয়াছ আজ যে কাজটি করেছেন, এটা তাঁর বড় মনের পরিচয়। ইলিয়াছ বলেন, ক্ষমতা আল্লাহর দান, তিনি যাকে ইচ্ছা তাঁকে সেটা দেন।