নবনির্বাচিত মেয়রদের শপথ নিয়ে বিরোধী দলের সংশয়
সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের হাতে দায়িত্ব হস্তান্তর নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ। নবনির্বাচিত চার মেয়র বিরোধী দলের হওয়ায়, তাঁদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে মওদুদ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ ও সংশয়ের কথা বলেন। বিরোধী দলের এ অভিযোগকে রাজনৈতিক দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, নবনির্বাচিত মেয়রদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সময় দিতে হবে।মওদুদ আহমদ পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে বলেন, চার সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর অক্টোবরে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হচ্ছে। এ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের বসে থাকতে হবে। তাহলে এত আগে নির্বাচন দেওয়া হলো কেন? এটা সরকারের ক্ষমতা কুক্ষিগত করার চিন্তা। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। তিনি মেয়রদের পদমর্যাদা প্রতিমন্ত্রী থেকে উপমন্ত্রী করা হচ্ছে বলেও সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। জবাবে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের মতো ক্ষমতা ভারত বা পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক দেশের নেই। নির্বাচন কমিশন ফলাফল রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে নিয়ে গেজেট প্রকাশ করবে। আগের মেয়ররা যেহেতু পদত্যাগ করেই নির্বাচন করেছেন, তাই ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ কাল্পনিক।