নবনির্বাচিতদের পরিচিতি সভায় বিএনপি-জামায়াতের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতিমূলক সভায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া দেওয়ার প্রস্তুতিকালে তাঁদের ধাওয়া করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা ককটেলসহ শিবিরের দুজন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিচিতিমূলক সভায় আসা নবনির্বাচিত বিএনপির নেতৃত্বাধীন ১৯ দল-সমর্থিত চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরীকে উপজেলা পরিষদের কার্যালয়ে অবরুদ্ধ করে তাঁকে গ্রেপ্তার করার দাবি জানান। এ ছাড়া তাঁরা ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েসের অপসারণের দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান জানান, সকাল ১০টায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের একটি পরিচিতিমূলক সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার অভিযোগ করেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমির মো. আলমগীর হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘোড়াঘাট থানার ওসি ইমরুল কায়েসের সঙ্গে জামায়াতের গোপন আঁতাত থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল পরিচিতিমূলক সভায় যোগ দিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের পশ্চিম পাশের একটি চাতালে অবস্থান নেন। বিষয়টি টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা চারটি ককটেলসহ শিবিরের কর্মী মো. হুমায়ুন কবির ও মুক্তার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা চত্বরে অবস্থান নিয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রানীগঞ্জ বাজারে এসে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা ঘোড়াঘাট থানার ওসির অপসারণের দাবি জানান।
জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান শাহ মো. শামীম হোসেন চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। মো. আলমগীর হোসাইন বলেন, তিনি সভায় যাননি। জামায়াতের কোনো নেতা-কর্মীও সেখানে সশস্ত্র অবস্থায় যাননি।
জামায়াতের সঙ্গে আঁতাত থাকার অভিযোগ অস্বীকার করে ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, মহড়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।