নবনির্বাচিতরা আজ জেলা পরিষদে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন এবং তাঁর পরিষদ সদস্যরা আজ রোববার প্রথমবারের মতো জেলা পরিষদে যাবেন। ২১ সদস্যের নবনির্বাচিত এই পরিষদ আজ বৈঠক করে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার দিনক্ষণ ঠিক করবে।
জেলা পরিষদ নির্বাচনে যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সেখ সামসুল আবেদীন বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে ১৯ ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, চেয়ারম্যান শপথ গ্রহণের পর ঢাকা থেকে আজ রোববার জেলা পরিষদে যাচ্ছেন। এ উপলক্ষে সকাল ১০টায় জেলার প্রবেশদ্বার সদর উপজেলার বদরগঞ্জ বাজারে চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে গাড়িবহর নিয়ে জেলা পরিষদ কার্যালয়ের উদ্দেশে রওনা দেওয়া হবে। বদরগঞ্জ থেকে জেলা পরিষদ পর্যন্ত ২০ কিলোমিটার পথে বেশ কয়েকটি স্থানে চেয়ারম্যান শুভেচ্ছা গ্রহণ করবেন।
জেলা পরিষদের হিসাবরক্ষক মো. আসলাম উদ্দীন বলেন, চেয়ারম্যান ও সদস্যরা রোববার নিজেদের মধ্যে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় ঠিক করবেন। ২৯ জানুয়ারির আগেই দায়িত্ব গ্রহণ করতে হবে।