রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতিহার হলের নবনির্মিত ভবনের একটি ব্লকে ফাটল দেখা দিয়েছে। ভবনধসের আতঙ্কে গতকাল সোমবার ওই ব্লক থেকে শিক্ষার্থীদের অন্য ব্লকে সরিয়ে নেওয়া হয়েছে।
মতিহার হল সূত্রে জানা গেছে, ১৯৫৫ সালে মতিহার হল নির্মিত হয়। ২০০৮ সালে তিন তলাবিশিষ্ট চারটি ব্লকের পুনর্নির্মাণের জন্য এক কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে দীর্ঘ পাঁচ বছরেও এর নির্মাণকাজ শেষ হয়নি। ব্লকের প্রথম ও দ্বিতীয় তলার নির্মাণকাজ শেষ হয়েছে। তৃতীয় তলার নির্মাণকাজ চলছে। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় তলার কক্ষগুলো শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া হয়েছে। নবনির্মিত ব্লকের দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষ ও বারান্দায় ফাটল দেখা দিয়েছে।
মতিহার হলে গিয়ে দেখা যায়, ২১৮, ২১৯, ২২০ নম্বর কক্ষের আসবাব সরিয়ে ফেলা হচ্ছে। এসব কক্ষের শিক্ষার্থীরা জানান, কক্ষগুলোতে ফাটল দেখা দেওয়ায় তাঁদের নিচতলায় স্থানান্তর করা হচ্ছে। দ্বিতীয় তলার বারান্দাতেও রয়েছে ফাটল।
হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘কয়েক দিন আগে শিক্ষার্থীরা ভবনে ফাটলের কথা জানালে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকৌশল দপ্তরকে জানিয়েছি।’