নবনির্মিত ব্রডগেজ লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর রেলস্টেশন থেকে নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। সেই সঙ্গে আজ শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ ছাড়া আজ সকাল ১০টায় একতা ও রাত ৮টায় দ্রুতযান ট্রেন দুটি ব্রডগেজ লাইন দিয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করবে। একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরে পৌঁছাবে আজ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কাল শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর রেলস্টেশনে পৌঁছাবে।

দিনাজপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ব্রডগেজ লাইন দিয়ে চলাচলকারী ট্রেন দুটিকে ১০টি করে যাত্রীবাহী কোচ ছাড়াও একটি করে খাবার গাড়ি, দুটি করে পাওয়ার কার, পরিচালক কোচ সংযোজিত থাকবে।

স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে নতুন সুপরিসর দুটি ট্রেন চালু হওয়ার মধ্য দিয়ে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ হলো।