নবনির্মিত ভবন ফেলে পরিত্যক্তটিতে কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে বছর তিনেক আগে। আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত এপ্রিলে। এরপরও ময়মনসিংহের ফুলবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন ভবনটি ব্যবহার করা হচ্ছে না। ওই ইউপির যাবতীয় কার্যক্রম চলছে উপজেলা সদরের পরিত্যক্ত একটি ভবনে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, নতুন ভবনটি উপজেলা সদর থেকে দূরে হওয়ায় চেয়ারম্যান আবদুল মালেক সরকার সেখানে কার্যক্রম শুরু করছেন না। এর ফলে ইউনিয়নবাসীকে উপজেলা সদরের গিয়ে জরুরি কাজ করতে হচ্ছে। তাদের ভোগান্তি দূর হচ্ছে না।
ইউপি ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১১-১২ অর্থবছরে উপজেলার ছনকান্দা গ্রামে ফুলবাড়িয়া ইউপি কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হয়। ২০১৪ সালে এটির নির্মাণকাজ শেষ হয়। গত ৬ এপ্রিল স্থানীয় সাংসদ মুসলেম উদ্দিন ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের দেড় মাস পার হলেও ভবনটিতে কার্যক্রম শুরু হয়নি।
১৮ মে দুপুরে সরেজমিনে দেখা যায়, নবনির্মিত ভবটির সব কটি কক্ষে তালা ঝুলছে। বারান্দায় বসে অলস সময় কাটাচ্ছেন গ্রামের কয়েকজন পুরুষ। বারান্দায় কুকুর ও ছাগল ঘুরে বেড়াচ্ছে। দুই তলা ভবনে ইউপি তথ্যকেন্দ্র, চেয়ারম্যান কক্ষ, সদস্য কক্ষ, সম্মেলনকক্ষসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের জন্য কক্ষ হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর থেকেই ভবনের প্রতিটি কক্ষ তালাবদ্ধ রয়েছে। মাসে এক-দুবার খোলা হয়। ইউপি চেয়ারম্যান আবদুল মালেক সরকার মাসে একবারের বেশি এ কার্যালয়ে আসেন না। ইউপির বিভিন্ন কাজে তাঁরা উপজেলা সদরের কার্যালয়টিতে যান। এতে ভোগান্তির পাশাপাশি বেশি টাকাও খরচ হয়।
ছনকান্দা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, ছেলের স্কুলের জন্য জন্মনিবন্ধন সনদ আনতে তিনি উপজেলা সদরের ইউপি কার্যালয়ে গিয়েছিলেন। দুই দিন পর তিনি সনদটি পান। দুই দিন উপজেলা সদরে যাওয়া আসায় তাঁর প্রায় ১০০ টাকা খরচ হয়েছে।
জোরবাড়িয়া পূর্ব ভাটিপাগা গ্রামের বাসিন্দা আবুল কাসেম বলেন, ‘আমাদের দাবি নতুন ভবনে ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম হোক।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, চেয়ারম্যান আবদুল মালেক সরকার একজন ব্যবসায়ী। তিনি নিয়মিত ঢাকায় থাকেন। মাসে একবারের বেশি তিনি এলাকায় আসেন না। চেয়ারম্যানের অনাগ্রহের কারণেই নতুন ভবনটি ব্যবহার হচ্ছে না। তিনি উপজেলা সদরের পুরোনো কক্ষটিতে বসেন।
১৮ মে উপজেলা সদরের ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত তিনটি কক্ষ। ছাদে ফাটল ধরেছে। একটি কক্ষে বসে কাজ করছেন ইউপি সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ফুলবাড়িয়া পৌরসভা হওয়ার আগে ওই তিনটি কক্ষ ছিল ফুলবাড়িয়া ইউপির কার্যালয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে ফুলবাড়িয়া পৌরসভা হওয়ার পর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। নতুন নির্মিত ইউপি কমপ্লেক্সে বিদ্যুৎ-সংযোগ নেই। তাই সেখানে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বিদ্যুৎ-সংযোগের প্রক্রিয়া চলছে।
তবে খোঁজ নিয়ে জানা যায়, ছনকান্দা গ্রামে অনেক পরিবারে বিদ্যুৎ-সংযোগ রয়েছে।
চেয়ারম্যান বলেন, ‘চলতি বছর উপজেলা সদরের পরিত্যক্ত ভবনে অফিস করিনি। সপ্তাহের দুই-তিন দিন এলাকায় থাকি। এলাকায় থাকাকালে নতুন ভবনেই বসি। বিদ্যুৎ-সংযোগ পাওয়ার পর সমস্ত কার্যক্রম নতুন ভবনে শুরু করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার বলেন, মানুষকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য নতুন ভবন তৈরি করা হয়েছে। ভবনটি ব্যবহার করার জন্য ইউপি চেয়ারম্যানকে একাধিকবার বলা হয়েছে। তারপরও তিনি কার্যক্রম নতুন ভবনে স্থানান্তর করেননি।