নবনির্মিত হিমাগার ভবনে ধস, আতঙ্কে চাষিরা
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নির্মাণ করার কিছুদিন পরই একটি হিমাগার ভবনের এক অংশ ধসে পড়েছে। এতে সেখানে আলু রেখে আতঙ্কে আছেন স্থানীয় চাষিরা।হিমাগারটির নাম সুবর্ণা কোল্ড স্টোরেজ। এটি উপজেলার নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কের নওটিকা এলাকায়। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এখানে কৃষকদের আলু রাখা শুরু হয়। এখানে এ পর্যন্ত ৭০ হাজার বস্তা আলু রাখা হয়েছে। গত ১০ মার্চ হিমাগারটির একটি অংশ ধসে পড়ে।হিমাগারের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ১৪ বিঘা জমির ওপর ২০০৯ সালে হিমাগার নির্মাণের কাজ শুরু করা হয়। ব্যবসায়ী সুজানুর রহমান এটি নির্মাণ করছেন। এটি নির্মাণে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয় হয়। ২০১১ সালের ডিসেম্বরে এর একটি অংশের নির্মাণকাজ শেষ হয়। গত ২৫ ফেব্রুয়ারি আলু রাখা শুরুর দিনই হিমাগারের ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। হঠাৎ করে ১০ মার্চ হিমাগারের ছাদসহ বিশাল অংশ দেবে যায়।৮ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যবস্থাপক মমিনুর কাদের কৃষকদের রাখা আলুর কাগজপত্র যাচাই-বাছাই করছেন। এখানে পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের আবদুল মালেক ২৮ বস্তা, আবদুল কুদ্দুস ১০০, সাদিকুল ইসলাম ১০০; ক্ষেতলাল উপজেলার চোছতারা গ্রামের উজ্জ্বল হোসেন ২৮ ও এনামুল হোসেন ১০ বস্তা আলু রেখেছেন। তাঁরা জানান, হিমাগারের কর্মকর্তারা তঁদের আলু অন্যত্র রেখেছেন বলে জানিয়েছেন। তার পরও তাঁরা আতঙ্কে আছেন।ব্যবস্থাপক মমিনুর কাদের বলেন, ‘এটা একটা দুর্ঘটনা। আমরা বগুড়া জেলার শাহসুলতান কোল্ড স্টোরেজসহ দুটি হিমাগারে কৃষকদের আলু রেখে দিয়েছি।’ মালিক সুজানুর রহমান বলেন, হিমাগার নির্মাণের সময় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর ভুলের কারণে এই ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থ বিবেচনা করে তাঁদের সব আলু ট্রাক দিয়ে অন্য হিমাগারে সংরক্ষণ করার ব্যবস্থা করেছি।’