নববধূ নিয়ে বাড়ি ফেরার পর পুলিশি হেফাজতে তুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সকালে বাড়ি ফেরার পর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তুহিন l প্রথম আলো
গতকাল সকালে বাড়ি ফেরার পর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তুহিন l প্রথম আলো

সন্দেহভাজন জঙ্গি হিসেবে পাঁচজনের নাম ও ছবি দিয়ে শহরে পোস্টার টাঙিয়েছে যশোরের পুলিশ। তাঁদের একজন কামরুজ্জমান তুহিন ওরফে মুন্না (২৮) গতকাল সোমবার নববধূ নিয়ে বাড়ি ফিরেছেন। এর পরপরই পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে।
তুহিন যশোর শহরের শংকরপুর এলাকার আবদুস সোহবানের ছেলে। তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে দুই বছর আগে তিনি বাড়ি ছেড়েছিলেন। থাকতেন ঢাকায়। তাঁর পরিবারও বলেছে একই কথা।
তুহিনকে নিজেদের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান। কোতোয়ালি থানায় তিনি সাংবাদিকদের বলেন, তুহিন গত দুই বছর কোথায় ছিলেন, কী করতেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
কোতোয়ালি থানায় তুহিন সাংবাদিকদের বলেন, ‘আমি জঙ্গি না। পুরান ঢাকার ইসলামবাগ এলাকার একটি প্লাস্টিক কারখানায় অটো মোল্ডিং যন্ত্রের কারিগর হিসেবে কাজ করছি। মায়ের ওপর অভিমান করে বছর দুয়েক আগে বাড়ি ছেড়েছিলাম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করেছি। সবশেষে প্লাস্টিক কারখানায় যন্ত্রের কাজ শিখেছি। তিন দিন আগে বাড়িতে ফোন করে জানতে পারি, পুলিশ আমাকে ধরিয়ে দিতে নাম-ছবিসহ পোস্টার ছেপেছে।’
গত শনিবার তুহিনের ফোন পেয়ে পরিবারের লোকজন ঢাকার ইসলামবাগে গিয়ে ছেলের পছন্দ করা মেয়ের সঙ্গে তাঁর বিয়ে দিয়ে নববধূ ঘরে নিয়ে যান। তাঁদের সঙ্গে তুহিনের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনও যশোরে গেছেন।
তুহিনের মা শিরিনা বেগম থানায় সাংবাদিকদের বলেন, ‘কারও ছেলে নিখোঁজ থাকলে সরকার থানায় জিডি করতে বলেছে বলেই আমরা জিডি করেছি। কিন্তু ছেলের জঙ্গি-সংশ্লিষ্টতার ব্যাপারে কোনো সন্দেহের কথা আমরা পুলিশকে বলিনি। আমরা সব সময়ই বলেছি, অভিমান করে ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে। কয়েক মাস আগে ঢাকায় তুহিনের সঙ্গে এলাকার প্রতিবেশী এক ছেলের দেখা হয়। সেটাও আমরা পুলিশকে জানিয়েছি। তারপরও পুলিশ তুহিনকে জঙ্গি বানিয়ে শহরে পোস্টার লাগিয়েছে।’
তুহিনের শ্বশুর ইসলামবাগ এলাকার বাসিন্দা মনির হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘তুহিন খুবই শান্ত স্বভাবের ও ভালো ছেলে। বিয়ের আগেই জেনেছি, তাঁকে ধরিয়ে দিতে যশোরে পুলিশ পোস্টার ছেপেছে। তারপরেও আমার বিশ্বাস, তুহিন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। আর এ জন্যই মেয়েকে তাঁর হাতে তুলে দিয়েছি।’
তুহিন যে প্লাস্টিক কারখানায় কাজ করেন, সেই কারখানার মালিক মাহবুবুর রহমান বলেন, ‘চার মাস আগে তুহিন আমার কারখানায় কারিগর হিসেবে যোগ দেয়। ছেলেটা ভালো। রোববার আয়োজন করে স্থানীয় এক মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। সাত দিনের ছুটি নিয়ে সে বাড়িতে গেছে।’
আনিসুর রহমান বলেন, পুলিশ জঙ্গি সন্দেহে যে পাঁচজনকে ধরিয়ে দিতে পোস্টার ছেপেছে, তাঁদের মধ্যে দুজনের পরিবার ছেলের জঙ্গি-সম্পৃক্ততার বিষয়ে সন্দেহের কথা জানিয়েছিল পুলিশকে। তুহিনের পরিবার সেই দুই পরিবারের একটি। তাঁর বাবা আবদুস সোহবান গত ১০ জুলাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।