নববধূকে পুড়িয়ে হত্যা!
টঙ্গীতে এক নববধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মিনা আক্তার (১৯)। যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন মিনাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ থানার নগর ভেলা গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিনার স্বামী ইসমাইলকে গ্রেপ্তার করেছে।নিহতের চাচা মো. মেজবাহউদ্দিন জানান, মিনা স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। ছয় মাস আগে টঙ্গীবাজারের ব্যবসায়ী দুলাল খানের ছেলে মো. ইসমাইলের সঙ্গে মিনার বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকে দুলাল তাঁর ছেলেকে বিদেশে পাঠানোর জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক না পেয়ে মিনার স্বামী ইসমাইল, শ্বশুর দুলাল খান ও শাশুড়ি সুইটি বেগম পুত্রবধূ মিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। ঘটনার দিনও মিনা বাড়িতে ফোন করে তাঁর বাবার কাছে জামাইয়ের জন্য তিন লাখ টাকা চান। নইলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ফেলবে বলে জানান।অভিযোগ উঠেছে, ১৫ মার্চ বিকেলে দুলাল ও সুইটি বেগম পুত্রবধূ মিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা মিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মিনার মৃত্যু হয়। মিনার শরীরে আগুন দেওয়ার পরদিন তাঁর চাচা মেজবাহউদ্দিন বাদী হয়ে মো. ইসমাইল, দুলাল খান ও সুইটি বেগমের বিরুদ্ধে থানায় মামলা করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, মিনার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।