নববধূকে হত্যার ঘটনায় স্বামীসহ দুজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নববধূ ইয়াসমিন বেগমের (১৮) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী আলমগীর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই ঘটনায় ইয়াসমিনের বাবা সাইজু মিয়া গতকাল মঙ্গলবার আলমগীরকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, ইয়াসমিনের বাড়ি কুলিয়ারচর পৌর সদরের মেরাতুলি মহল্লায়। এক মাস আগে কুলিয়ারচরের দোয়ারিয়া মহল্লার রঙ্গু মিয়ার ছেলে আলমগীরের সঙ্গে ইয়াসমিনের বিয়ে হয়। শুক্রবার ইয়াসমিন স্বামীকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। রোববার সকাল ১০টার দিকে এক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে ইয়াসমিন ঘর থেকে বের হন। সেদিন তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার সকালে বাজিতপুরের গাজীরচর এলাকার একটি পুকুরের কাছ থেকে ইয়াসমিনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পরে পুলিশ গৃহবধূর স্বামী আলমগীর ও বন্ধু ওয়াজিদকে গ্রেপ্তার করে। তবে ওয়াজিদ এজাহারভুক্ত আসামি নন।বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ওয়াজিদ কুলিয়ারচর আলিফ বিজ্ঞান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। ইয়াসমিনও ওই স্কুলে পড়াশোনা করেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ওয়াজিদও পুলিশের কাছে ইয়াসমিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে দুজনই এলোমেলো কথা বলেছেন। তবে থানা হেফাজতে আলমগীর নিজেকে নির্দোষ দাবি করেন।