নববধূর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গত রোববার ঝুমা নামের এক নববধূর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারচাক ইউনিয়নের টুপির মহল (উত্তর চাটিগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঝুমার চাচা তরনী চন্দ হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন।ঝুমার শ্বশুরবাড়ির লোকদের ভাষ্যমতে, ঝুমা নিজের গায়ে কেরোসিন ঢেলে টয়লেটে ঢুকে আগুন ধরিয়ে দেন। তবে ঝুমার মা অর্চনা রানী বলেছেন, তাঁর মেয়েকে হত্যার জন্য শ্বশুরবাড়ির লোকেরা গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন।গত সোমবার সরেজমিনে জানা যায়, টুপির মহল গ্রামের মৃত গোপেন্দ্র চন্দের ছেলে গোবিন্দ চন্দ গত ১৬ ডিসেম্বর উপজেলার বৃন্দাবনপুর গ্রামের ধরনী চন্দের মেয়ে ঝুমা চন্দকে (২০) বিয়ে করেন।নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাড়ির এক ব্যক্তি বলেন, প্রেমের বিয়ে বলে গোবিন্দের মা মালতী রানী ও বড় বোন বিপ্লবী রানী তা মেনে নেননি। ঘটনার দিন সকালে গোবিন্দ সাইকেল ও টাকার জন্য ঝুমাকে মারধর করে বাজারে তাঁর সেলুনে চলে যান। ওইদিন শ্বাশুড়ি ও ননদের সঙ্গেও তাঁর ঝগড়া হয়। এরপর ঝুমা টয়লেটে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দুপুর ১২টার দিকে ঝুমাকে টয়লেট থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।মালতী রানী জানান, ওইদিন সকালে তাঁর ছেলে দোকানে যাওয়ার পর ঝুমা কেরোসিন ও ম্যাচ নিয়ে টয়লেটে ঢুকে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে পাশের বাড়ির একজনের চিৎকার শুনে বেরিয়ে গিয়ে এ ঘটনা দেখে ছেলেকে খবর দেন।অর্চনা রানী জানান, ঝুমা (তাঁর মেয়ে) ঢাকায় একটি বাসায় কাজ করতেন। ঝুমা বাড়িতে এলে আত্মীয়তার সুবাদে গোবিন্দ এসে তাঁর সঙ্গে কথাবার্তা বলতেন। পরে গত ১৬ ডিসেম্বর পরিবারের অজান্তে গোবিন্দ ও ঝুমা বিয়ে করেন। এ বিয়ে গোবিন্দের মা ও বড় বোন মেনে নেননি। ঘটনার দু-তিন দিন আগে ঝুমা মুঠোফোনে তাঁকে বলেন, তিনি খুবই কষ্টে আছেন। যেভাবেই হোক তাঁর স্বামীকে একটি সাইকেল ও কিছু টাকা জোগাড় করে দিতে বলেন। তিনি আরও জানান, তাঁর মেয়েকে মেরে ফেলার জন্য গোবিন্দ ও তাঁর মা-বোন গায়ে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা উল্টো প্রচার করেন, ঝুমা নিজেই আগুন ধরিয়েছেন।রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, এ ব্যাপারে ঝুমার কাকা তরনী চন্দ আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা ও সহায়তার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় গোবিন্দ, মালতী ও বিপ্লবীকে আসামি করা হয়েছে। মালতীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুমার সাক্ষ্য নিতে ও পালিয়ে থাকা গোবিন্দকে গ্রেপ্তারের জন্য গেছেন।