নববধূর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক নববধূর গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পদুরগাতী এলাকায় ওই নববধূর স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নববধূর নাম শারমিন আক্তার (১৯) ও তাঁর স্বামীর নাম রফিকুল ইসলাম।

নিহত শারমিন আক্তার একই উপজেলার গণমানপুরুরা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। শারমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে গত ২২ ফেব্রুয়ারি রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় শারমিন আক্তারের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ির লোকজনের অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শারমিন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

নিহত শারমিনের বাবা নুরুল ইসলাম বলেন, ‘কী কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছি না।’ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, লাশ উদ্ধার করার সময় গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো ছিল। তিনি হত্যাকণ্ডের শিকার নাকি আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।