নববধূর শ্লীলতাহানির চেষ্টা, দুই পুলিশ ক্লোজড
কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে বেড়াতে গিয়ে এক নববধূ গত শুক্রবার বিকেলে স্থানীয় পর্যটন পুলিশের দুই সদস্যের শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের ওই দুই সদস্যকে গতকাল শনিবার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে (ক্লোজড)। তাঁদের বিরুদ্ধে মামলা করে বিভাগীয় তদন্ত করা হচ্ছে। পুলিশ সূত্রমতে, শুক্রবার বিকেল পাঁচটায় শহরের পাহাড়তলী এলাকার এক যুবক তাঁর সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে বেড়াতে যান। এ সময় পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের দুই সদস্য হাবিলদার জাকির হোসেন ও কনস্টেবল শহীদ উদ্দিন তাঁদের ডেকে পাশের ঝাউবনে নিয়ে যান। এরপর তাঁরা স্বামী-স্ত্রী কি না, তা যাচাই করার কথা বলে তাঁদের আলাদা করা হয়। পরে পুলিশের ওই দুই সদস্য নববধূকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময়ে রুবেল ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। রাতে রুবেল কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এতে নগদ টাকা ও মুঠোফোন লুট এবং শ্লীলতাহানির অভিযোগ উত্থাপন করা হয়।