নববর্ষ আবাহনে জলকেলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীর্ণ পুরাতন, পাপ, কালিমা মুছে পুণ্যস্নানে নতুন বছরকে আবাহন করছে রাখাইন তরুণ-তরুণীরা। নববর্ষকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বুদ্ধস্নান ও জলকেলি উৎসবের আয়োজন করে।
রাখাইন নববর্ষ ১৩৭৭ বরণ করতে এই আয়োজন করা হয়। চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জলকেলি উৎসবে অংশ নেন। ড্রাম থেকে জল নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুড়ে মারে। তরুণদের দলের জল ছোড়ার জবাব ভালোভাবেই দিচ্ছিলেন তরুণীরা। এভাবে দুই দলই কাকভেজা। এই স্নানের নাম জলকেলি।
দুই দলের স্নান শেষে অপর দুটি দল এসে যোগ দেয় জলকেলিতে। এভাবে বিরামহীন চলে জলকেলি উৎসব।
রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি উ থেং মি বলেন, ‘পুরোনো বছরের সব জরাজীর্ণ মুছে নতুন বছরকে বরণ করতেই এই উৎসব। বুদ্ধকে স্নান করানোর পাশাপাশি নিজেদের পাপ ও কালিমা মুক্তি ঘটে এই জলকেলির মধ্য দিয়ে।’
উৎসবের আয়োজকেরা জানান, ১৩ এপ্রিল থেকে নববর্ষের মূল আয়োজন শুরু হবে। চট্টগ্রামে বসবাসরত রাখাইন শিক্ষার্থী ও বাসিন্দারা নববর্ষ উপলক্ষে নিজ নিজ বাড়ি ফিরে যাবে বলেই আগেভাগে চট্টগ্রামে এই আয়োজন করা হয়। কয়েক বছর ধরে চট্টগ্রামে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই আয়োজন করে আসছে।
গতকাল জলকেলির আগে বেলা তিনটা থেকে বুদ্ধস্নানে অংশ নেন পুণ্যার্থীরা। পরে নবপণ্ডিত বিহারের মহাথের উপানন্দ মহাথের প্রার্থনা পরিচালনা করেন। প্রার্থনা শেষে উৎসবের পটভূমি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাখাইন বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের মং হ্লা চিং। তিনি বলেন, ‘সব গ্লানি মুছে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। জলকেলির মধ্য দিয়ে আমাদের নববর্ষ আবাহন। এতে করে আমাদের সব দুঃখ-কষ্ট দীনতা জরাজীর্ণ ভুলে যাব।’