নববর্ষ উদ্যাপনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শেষ রাত ৩১ ডিসেম্বর। বিদায় নেবে ২০১৩। ইতিমধ্যেই বিশ্বের বড় শহরগুলোতে শুরু হয়েছে ক্ষণগণনা। চলছে নানা প্রস্তুতি। পিছিয়ে নেই নগরের হোটেল-রেস্তোরাঁও। নববর্ষ উদ্যাপনে বিশেষ আয়োজনে থাকছে বুফে ডিনারের সঙ্গে সুরের মূর্ছনা।

নগরের চারতারকা হোটেল পেনিনসুলা মেতে উঠবে বুফে খাবারের সঙ্গে বিদেশি সংগীত ও ডিজে নাচের তালে। হোটেলের ক্লাব ২১ রেস্টুরেন্টে রাত আটটার এ আয়োজনে থাকবে ব্যান্ড দল শূন্যের গান ও জেসনের ডিজে। এতে যোগ দিতে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। রাত দুইটা পর্যন্ত চলবে আয়োজন। নগরের আরেক চারতারকা হোটেল আগ্রাবাদে থার্টি ফাস্ট নাইট উদ্যাপনের আয়োজন শুরু হবে সন্ধ্যা সাতটায়। হোটেল আগ্রাবাদের ইছামতী ও ক্রিস্টাল বলরুমে একসঙ্গে শুরু হবে অনুষ্ঠান। রয়েছে বুফে রাতের খাবারের সঙ্গে সংগীত ও ডিজের পরিবেশনা। এ ছাড়া এখানকার সিনামন রেস্টুরেন্টে নববর্ষ উদ্যাপন উপলক্ষে রয়েছে টার্কি খাবার উৎসব। টার্কি খাবার উৎসবে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার টাকা। হোটেল আগ্রাবাদের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক শাহিন মোহাম্মদ নওশাদ বলেন, এখানে আগত দর্শকেরা নিজেদের পছন্দমতো নববর্ষ উদ্যাপনের এসব আয়োজন উপভোগ করতে পারবেন।

নগরের জিইসি এলাকার ওয়েলপার্ক রেসিডেনসে সন্ধ্যা সাতটায় শুরু হবে বর্ষবরণের আয়োজন। এতে গান পরিবেশন করবে ‘পলাশ অ্যান্ড ফ্রেন্ডস’। থাকবে ৯০ পদের খাবারের সমাহারে বুফে আয়োজন। সংগীতের মূর্ছনার সঙ্গে খাবারের এ আয়োজনে অংশ নিতে দর্শকদের জনপ্রতি খরচ পড়বে এক হাজার ৫০০ টাকা। তবে যৌথভাবে এলে দুই হাজার ৫০০ টাকায় উপভোগ করা যাবে এ আয়োজন। এ ছাড়াও নববর্ষ উপলক্ষে এখানে দম্পতিদের হোটেলে থাকার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এর জন্য খরচ পড়বে সাত হাজার টাকা। আগ্রাবাদ এলাকার হোটেল আম্ব্রোসিয়ায় রয়েছে গান ও বুফে খাবারের আয়োজন।

চাইলে ওয়েস্টার্ন ক্রুজে চেপে বছরের শেষ সূর্যাস্তটা উপভোগ করতে পারেন কর্ণফুলী নদীতে। বছরের শেষ দিনে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ নৌভ্রমণে অংশ নিতে গুনতে হবে জনপ্রতি এক হাজার টাকা করে। পতেঙ্গা এলাকার প্রজাপতি পার্কেও রয়েছে ‘ব্লিটজ নাইট’ শিরোনামের আয়োজন। এতে থাকবে গান ও ডিজে। সন্ধ্যা ছয়টার এ আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে ৬০০ টাকা।