নববর্ষ উদ্যাপনে পুলিশ-র্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা
ইংরেজি নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য রাজধানীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ। বুধবার রাতে নববর্ষের প্রথম প্রহরে আনন্দ-উৎসবের নামে বিশৃঙ্খলা ঠেকাতে ক্যামেরা নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা জানান। তিনি বলেন, বুধবার রাত আটটার পর হাতিরঝিল এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন উড়ালসড়কে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ অবস্থান নেবে। গুলশান, বারিধারা, বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দাদের রাত আটটার মধ্যে বাসায় ফিরতে হবে। বুধবার রাত ১২টার পর এসব এলাকায় কোনো বহিরাগতকে অবস্থান করতে দেওয়া হবে না। বুধবার রাত থেকে রাজধানীর গুলশান, বারিধারা ও বনানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গুলশান, বারিধারা ও বনানীতে ঢোকার জন্য বুধবার রাত দুইটা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ব্যবহার করা যাবে। নববর্ষ উদ্যাপনে উন্মুক্ত স্থানে সমাবেশ, নাচ-গান বা কনসার্ট করার ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা। বাণিজ্যিক বারগুলো সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসবে নিরাপত্তা চৌকি, থাকবে পুলিশের টহলও। এ সময় পুলিশের ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। বুধবার রাতে পটকাবাজি, আতশবাজি করা এবং বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না।
কমিশনার আরও বলেন, ডিএমপির অনুমতি ছাড়া ক্লাবে সন্ধ্যায় অনুষ্ঠান করা যাবে না। ঢাকার বিভিন্ন স্থানে এই প্রথমবারের মতো ‘বডি ওন’ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুলিশের সঙ্গে থাকা এ ক্যামেরায় উচ্ছৃঙ্খলতার দৃশ্য ধারণ হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, বোমা নিষ্ক্রিয়করণ দল, পুলিশের বিশেষায়িত সোয়াট টিম মোতায়েন থাকবে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নও সারা দেশে প্রায় অনুরূপ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলে র্যা ব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।