নববর্ষ উপলক্ষে ঢাকায় পুলিশের অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ সামনে রেখে জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারে গতকাল রোববার থেকে ঢাকায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে ‘ভুভুজেলা’ বাঁশি তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার গতকাল প্রথম আলোকে বলেন, নববর্ষ সামনে রেখে রোববার থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত এ অভিযান চলবে।
৫ এপ্রিল ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার দাপ্তরিক আদেশে বলা হয়, বাংলা নববর্ষের দিন ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত অনুষ্ঠানে দুষ্কৃতকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযান চালানো হবে।