নববর্ষ নিয়ে যতটা উচ্ছ্বাস ততটাই অজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: সাহাদাত পারভেজ
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: সাহাদাত পারভেজ

আর এক দিন পর পয়লা বৈশাখ। ১৪২২ বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালি ঐতিহ্যের এ দিনটি উদ্‌যাপন করতে তরুণদের মধ্যে যেন উচ্ছ্বাসটা একটু বেশিই। 

নতুন বছরের নতুন দিনে নতুন পোশাক-গয়না কিনতে বিপণি থেকে বিপণিতে ঘুরে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা। বাজারের ব্যাগ হাতে ইলিশ মাছ কিনতে কেউ ছুটছেন। দামের এই ঊর্ধ্বগতিতে ইলিশ কিনতে পারা এক ধরনের প্রতিযোগিতা হলেও কেউই যেন হাল ছাড়তে নারাজ। আবার অনেকে নববর্ষের দিনে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এত আয়োজন, প্রস্তুতি ও উচ্ছ্বাসের মধ্যেও তরুণদের পয়লা বৈশাখ সম্পর্কে ধারণা রীতিমতো ভড়কে যাওয়ার মতো। 

নারায়ণগঞ্জের একটি সরকারি কলেজের একাদশ শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীর কাছে পয়লা বৈশাখ সম্পর্কে কয়েকটি তথ্য জানতে চাওয়া হয়। পয়লা বৈশাখ কবে থেকে শুরু হয়, একজন শিক্ষার্থীও তা জানে না। কেবল দুজন শিক্ষার্থী বলে,‘সম্ভবত সম্রাট আকবর এ সাল প্রচলন করেন।’ কিন্তু কেন নববর্ষের প্রবর্তন, সে উত্তর কারও জানা নেই। 

আবার পয়লা বৈশাখের সকালে কী করা হয়, জানতে চাইলে তাঁরা সমস্বরে জানায়, পান্তা-ইলিশ খাওয়া আর মিষ্টিমুখ। নববর্ষে আসলেই পান্তা-ইলিশ ছিল কি না, সেটি তাঁরা জানে না। কিন্তু খ্রিষ্টাব্দের ব্যাপারে উল্টো চিত্র পাওয়া গেল। দু-একজন বাদে সবাই জানে, যিশুখ্রিষ্টের জন্মের সাল থেকে খ্রিষ্টাব্দ শুরু হয়েছে। 

নিজের ঐতিহ্য সম্পর্কে কেন জানে না—এমন প্রশ্নের উত্তরে মীম নামের এক শিক্ষার্থী বলেন, ‘ইংরেজি সাল (খ্রিষ্টাব্দ) সম্পর্কে যত বেশি বই পুস্তকে পাওয়া যায়, বাংলা সালের বিষয়ে তেমন কিছু নেই। বাংলা সন আমাদের কোথাও লাগে না। তাই জানার আগ্রহও কম।’
শুধু ওই কলেজটির শিক্ষার্থীরাই নন, বিভিন্ন স্থানের কমপক্ষে ৩০ জন তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, এক-দুজন বাদে কেউই বাংলা নববর্ষ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন,নববর্ষ সম্পর্কে তরুণ প্রজন্ম জানবে না,এতে অবাক হওয়ার কিছু নেই। মুক্তিযুদ্ধ ও দেশ সম্পর্কে জিজ্ঞাসা করলেও তারা বলতে পারবে না। এর জন্য দায়ী আমাদের শিক্ষাব্যবস্থা। কারণ প্রচলিত শিক্ষাব্যবস্থায় দেশ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ কম। আবার পরিবার থেকেও তাদের জানানো হয় না। অনেকে বাসায় বই পড়ে না। অভিভাবকেরাও বিষয়টি জানেন না। এ জন্য সন্তানেরা জানতে পারে না। যে শিক্ষায় দেশকে জানা যায় না, সেই শিক্ষাকে ভালো শিক্ষাব্যবস্থা বলা যায় না বলেও মনে করেন তিনি।
ঢাকার হলি ফ্যামিলি ও রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী সুরাইয়া আক্তার। নববর্ষে বন্ধুরা মিলে কোথায় কোথায় ঘুরবেন, সে পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন। বাংলা নববর্ষ সম্পর্কে জানতে চাইলে বলেন, দিনটিতে সকাল বেলা পান্তা-ইলিশ খাওয়া হয়। বাসার সবাই নতুন জামা কাপড় পরেন। আত্মীয়স্বজনদের দাওয়াত করে খাওয়ানো হয়। পান্তা-ইলিশ, নতুন পোশাক পরাকে নববর্ষের ঐতিহ্য বললেও সেটি কবে থেকে শুরু হয়েছে জানেন না তিনি।
ঢাকার নিউ মার্কেটে ঘুরে ঘুরে শাড়ি পছন্দ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তানিয়া ও সুইটি। এক থেকে আরেক বিপণিতে ঘুরছেন লাল ও সাদা রঙের শাড়ি কিনতে। লাল-সাদা শাড়িই কেন—জানতে চাইলে তাঁরা বলেন, পয়লা বৈশাখে সবাই পরেন, তাই তাঁরাও পরবেন। তবে কেন লাল-সাদা পরা হয় সেটি তাঁরা জানেন না।
নারায়ণগঞ্জের রেলস্টেশন মাছ বাজারে সকাল বেলা এক জোড়া ইলিশের দরদাম করছিলেন বেসরকারি চাকরিজীবী সাইফুজ্জামান। জানতে চাইলে বলেন, পয়লা বৈশাখে সকাল বেলা পান্তা-ইলিশ আর পোড়া মরিচ খাওয়ার রীতি আছে বলে মাছ কিনতে এসেছেন। তবে খ্রিষ্টাব্দের সঙ্গে বাংলা সনের পার্থক্য আছে কি না এবং বাংলা সনটির প্রবর্তনের ব্যাপারে ​তিনি কিছু জানেন না।
ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী তামিমের বায়না পয়লা বৈশাখের পাঞ্জাবি। কেন পাঞ্জাবি কিনবে এ প্রশ্নের জবাবে জানায়, বন্ধুরা পরে, তাই তারও পরতে হবে। পাঠ্যবই থেকে জেনেছে, এই দিনে দোকানিরা হালখাতা করেন। রমনায় বটমূলে অনুষ্ঠান হয়। এ বিষয়ে আর বিস্তারিত কিছু তার জানা নেই।
ঢাকার গাউছিয়া মার্কেটে ঘুরে ঘুরে শাড়ি-গয়না দেখছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিগার সুলতানা। পয়লা বৈশাখে তাঁর পরিকল্পনা, সকালে সেজেগুজে বন্ধুর সঙ্গে ঘুরবেন। সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবেন। এরপর রমনার বটমূলে অনুষ্ঠান দেখবেন। তবে মঙ্গল শোভাযাত্রা কেন বা কবে থেকে শুরু কিংবা রমনার বটমূলে কবে বা কীভাবে শুরু সে ব্যাপারে কিছু জানেন না তিনি।
এতসব অজানার মধ্যেই কাল সবাই যাপন করবে পয়লা বৈশাখ। শুভ নববর্ষ।