নববর্ষে নারী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বগুড়ায় তিনটি সংগঠন পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল সোমবার সকালে শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আলাদাভাবে এসব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
এসব প্রতিবাদ সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বর্ষবরণ অনুষ্ঠানে নারী নিপীড়নের মধ্য দিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। সিসিটিভিতে অপরাধীরা চিহ্নিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
সমাবেশে হেফাজতে ইসলামের আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, হেফাজতের আমির ‘বর্ষবরণের মতো উৎসব নারীদের এড়িয়ে চলা উচিত’ বক্তব্য দিয়ে নারী নিপীড়নকারীদের উৎসাহিত করেছেন। আমিরের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত।